আইপিএলে প্রথমবার ৬ ম্যাচ শেষে প্রথম চারের বাইরে সিএসকে, প্লে-অফের আশা ক্ষীণ!
আইপিএলে প্রথমবার ৬ ম্যাচ শেষে প্রথম চারের বাইরে সিএসকে, প্লে-অফের আশা ক্ষীণ!
জেতার মতো পরিস্থিতি তৈরি করেও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। ফলস্বরূপ ছয় ম্যাচ শেষে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার প্রথম চারে প্রবেশ করতে পারল না কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির দল। ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। এখন প্রশ্ন যে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে কি প্লে-অফ খেলতে পারবে চেন্নাই! অন্ধের যষ্ঠি 'ধোনি হ্যায় তো মুমকিন হ্যায়' ধরেই এগোচ্ছেন হলুদ আর্মির ফ্যানরা।

লিগ তালিকার পঞ্চম স্থানে চেন্নাই
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই জয়ের পর পাঁচ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে গিয়েছে দীনেশ কার্তিক শিবির। অন্যদিকে ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সিএসকে।

ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা
অন্যান্য বারের মতো আইপিএল ২০২০-তেও লিগ পর্যায়ে ১৪টি ম্যাচ খেলতে হবে প্রতি দলকে। ইতিমধ্যেই ৬টি ম্যাচ খেলে ফেলেছে সিএসকে। অর্থাৎ প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছেন এমএস ধোনিরা। অথচ এখনও লিগ তালিকার প্রথম চারে জায়গা করে নিতে পারেনি তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। অন্যান্য বার আইপিএলের শুরু থেকেই প্রথম চার দলের মধ্যে ঘোরাফেরা করে চেন্নাই সুপার কিংসের নাম।

অগোছালো ব্যাটিং অর্ডার
কেকেআরের কাছে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হারের জন্য সিএসকে-র অগোছালো ব্যাটিং অর্ডারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে চার নম্বরে ব্যাট করতে নামেন এমএস ধোনি। এ পর্যন্ত সমীকরণ ঠিক থাকলেও ডোয়েন ব্র্যাভোর পরিবর্তে ছয় নম্বরে কেদার যাদবকে পাঠানোর বিষয়টি মেনে নিতে পারছেন সিএসকে ফ্যানরা। প্রচুর বল নষ্ট করে কেকেআরের রাস্তা সহজ করে দেন কেদার।

ফের ব্যর্থ ধোনি
কেকেআরের বিরুদ্ধে ব্যাট চলল না এমএস ধোনির। বরং চাপে পড়ে তরুণ স্পিনার বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সিএসকে অধিনায়ক। একটি চার সহ ১২ বলে ১১ রান করেন আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক। কেকেআরের বিরুদ্ধে হারের ওটাও একটা কারণ বলে মনে করছেন সিএসকে প্রেমীদের একটা অংশ।












Click it and Unblock the Notifications