Asia Cup: এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত! বিরাট চাপ পাকিস্তানের ওপর
এশিয়া কাপ, বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আলোকে ফের প্রচারের আলোয় ফিরেছে। এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, ভারত নাকি টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে। বিতর্কের মূল কারণ ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) নেতৃত্ব। যার নেতৃত্বে বর্তমানে পাকিস্তানের মন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি রয়েছেন।
জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর এই নেতৃত্ব পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের ফলে ভারত নকভির নেতৃত্বে ACC দ্বারা পরিচালিত কোনও টুর্নামেন্টে অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছে। এমনটাই খবর ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বর্তমান নেতৃত্বের কারণে ভারত এসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। "ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। যার প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। তাহলে দেশবাসীর অনুভূতিতে আঘাত লাগবে," বিসিসিআই সূত্র জানিয়েছে। আরও উল্লেখ করা হয়েছে যে বিসিসিআই মৌখিকভাবে এসিসিকে এশিয়া কাপ থেকে দল প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে এবং ভারত সরকারের সাথে যোগাযোগ রেখে ভবিষ্যতের টুর্নামেন্টে অংশগ্রহণ বন্ধ করার ইচ্ছা প্রকাশ করেছে।
ভারতের প্রত্যাহারের প্রভাব তাৎপর্যপূর্ণ। এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। আটবার ভারত কাপ জিতেছে। টুর্নামেন্টে ভারতের সম্ভাব্য অনুপস্থিতি কেবল প্রতিযোগিতামূলক মনোভাবকেই প্রভাবিত করবে না বরং আর্থিকভাবেও এসিসিকে প্রভাবিত করবে। এশিয়া কাপের বেশিরভাগ স্পনসর ভারতের। এবং ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা সম্প্রচারকদের জন্য একটি বড় আকর্ষণ। এই উপাদান ছাড়া, টুর্নামেন্টটি স্পনসর এবং সম্প্রচারক উভয়ের কাছেই আবেদন হারাবে। যার ফলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
এশিয়া কাপের আর্থিক ঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে সোনি পিকচার্স নেটওয়ার্কের সঙ্গে সাম্প্রতিক একটি চুক্তি। ১৭ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ২০২৪ সালে এশিয়া কাপের টেলিভিশন স্বত্ব আট বছরের জন্য সোনি কিনেছে। যদি এই বছর এশিয়া কাপ পিছিয়ে দেওয়া হয় বা বাতিল করা হয়, তাহলে এই চুক্তিতে বিরাট প্রভাব পড়বে।
বলা ভালো, সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি চললেও, মাঠে যে সংঘর্ষ থামছে না, আপাতত তারই ইঙ্গিত মিলেছে। এখন দেখার এসিসি কীভাবে ভারতকে ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন করে।












Click it and Unblock the Notifications