Ajit Agarkar: অজিত আগরকর ভারতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান, বিসিসিআইয়ের ঘোষণায় জল্পনাতেই সিলমোহর
Ajit Agarkar: চেতন শর্মার পদত্যাগের পর ভারতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। বিগত কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল, এই পদে আসতে চলেছেন অজিত আগরকর।
জল্পনায় এগিয়ে থাকা সেই নামেই সিলমোহর দিল বিসিসিআইয়ের ঘোষণা। মুম্বইয়ের হয়ে রঞ্জি জিতেছেন, মুম্বইয়ের প্রধান নির্বাচকও হয়েছিলেন। এবার এলেন জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধানের পদে।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ভারতীয় পুরুষ দলের নির্বাচক হিসেবে শূন্যপদে আবেদনকারীদের সাক্ষাৎকার নিয়েছিলেন। এই কমিটির তিন সদস্যই অজিত আগরকরের নামই সুপারিশ করেন।
অজিত আগরকর দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি একদিনের আন্তর্জাতিক ও চারটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ১১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ২৭০টি লিস্ট এ বা ৫০ ওভারের ম্যাচ এবং ৬২টি টি ২০ ম্যাচ খেলেছেন।

২০০৭ সালে ভারতীয় দল টি ২০ বিশ্বকাপ জিতেছিল। সেই দলেও ছিলেন আগরকর। ২০০০ সালে তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১ বলে অর্ধশতরান করেছিলেন, যা আজও ভারতীয় ব্যাটারদের করা দ্রুততম ওডিআই হাফ সেঞ্চুরি। ২৩টি একদিনের আন্তর্জাতিক খেলার ফাঁকে তিনি দ্রুততম ৫০টি উইকেট দখলের রেকর্ড নিজের দখলে নেন।
ভারতীয় নির্বাচকমণ্ডলীতে আগরকর ছাড়াও রয়েছেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা ও শ্রীধরণ শরথ। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার নিরিখে অজিত আগরকরকেই নির্বাচক প্রধান করা হলো বলে জানিয়েছে বিসিসিআই। নির্বাচক প্রধান হওয়ার লক্ষ্যে আবেদন করার আগেই দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের পদ ছাড়েন আগরকর।

অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী ওয়েস্ট ইন্ডিজ সফরের টি ২০ দল ঘোষণা করবে। বিসিসিআই সূত্রে খবর, ৫০ ওভারের বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ সিনিয়র ক্রিকেটারদের টি ২০ ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন আগরকর।












Click it and Unblock the Notifications