AUS vs IND: ধোনি ও কিরমানির কীর্তি ব্রিসবেনে স্পর্শ করলেন ঋষভ পন্থ, অর্ধেকেরও কম টেস্ট খেলেই
AUS vs IND: ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করলেন ঋষভ। তার আগে এই নজির ছিল দুই ভারতীয় উইকেটকিপারের।
তবে মহেন্দ্র সিং ধোনি ও সৈয়দ কিরমানির চেয়ে অর্ধেকেরও কম টেস্ট খেলা পন্থের নজির নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আজ দিনের প্রথম উইকেটটি তুলে নেন জসপ্রীত বুমরাহ। উসমান খোয়াজা কট বিহাইন্ড হন। এই ক্যাচটিই ঋষভ পন্থের কেরিয়ারে মাইলস্টোন হয়ে রইল। কেন না, টেস্টে এটিই উইকেটকিপার পন্থের দেড়শোতম শিকার।
২০০৫ থেকে ২০১৪ অবধি ৯০টি টেস্টে ১৬৬ ইনিংসে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির শিকারের সংখ্যা ২৯৪। যার মধ্যে রয়েছে ২৫৬টি ক্যাচ ও ৩৮টি স্টাম্পিং। ধোনির পরেই রয়েছেন সৈয়দ কিরমানি।
কিরমানি ১৯৭৬ থেকে ১৯৮৬ সাল অবধি ৮৮টি টেস্ট খেলেছেন। ১৫১টি ইনিংসে কিপার কিরমানির রয়েছে ১৯৮টি শিকার। তার মধ্যে ১৬০টি ক্যাচ ও ৩৮টি স্টাম্পিং। পন্থের আপাতত ৪১টি টেস্টের ৮০তম ইনিংসে শিকারের সংখ্যা হলো ১৫০। এর মধ্যে রয়েছে ১৩৫টি ক্যাচ ও ১৫টি স্টাম্পিং।
এই তিনজন বাদে ভারতের আর কোনও উইকেটকিপার দেড়শো শিকারের মাইলফলক ছুঁতে পারেননি। ১৯৮৬ থেকে ১৯৯৩ অবধি খেলা কিরণ মোরের ৪৯টি টেস্টের ৯০টি ইনিংসে শিকারের সংখ্যা ১৩০। ১১০টি ক্যাচ ও ২০টি স্টাম্পিং।
নয়ন মোঙ্গিয়া ১৯৯৪ থেকে ২০০১ অবধি ৪৪টি টেস্ট খেলেছেন। ৭৭ ইনিংসে রয়েছে ১০৭টি শিকার। ক্যাচ ৯৯টি, স্টাম্পিং ৮টি। মোঙ্গিয়ার পরেই এই তালিকায় নাম রয়েছে বাংলার ঋদ্ধিমান সাহার। তিনি ৪০টি টেস্টে ৭৬ ইনিংসে কিপিং করে ৯২টি ক্যাচ ও ১২টি স্টাম্পিং-সহ ১০৪টি শিকার নিশ্চিত করেছেন।












Click it and Unblock the Notifications