এশিয়া কাপেও পাকিস্তানি খেলোয়াড়দের বিকৃত অঙ্গভঙ্গি! আইসিসির কাছে অভিযোগ ভারতের
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বের ভারত বনাম পাকিস্তান ম্যাচে উস্কানিমূলক অঙ্গভঙ্গি করার অভিযোগে বিসিসিআই পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে দলের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করার জন্য একটি প্রতিবাদ দায়ের করেছে।
জানা গিয়েছে, গত রবিবার এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে রউফ ও ফারহান ভারত বিরোধী উস্কানিমূলক অঙ্গভঙ্গি করেন। যার প্রেক্ষিতে বুধবার বিসিসিআই আইসিসির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। আইসিসি ইমেলের মাধ্যমে অভিযোগটি গ্রহণ করেছে। যদি সাহিবজাদা ও রউফ লিখিতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। তাহলেও আইসিসির এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসনের সামনে তাদের শুনানির জন্য উপস্থিত থাকতে হতে পারে।

অন্যদিকে, ১৪ সেপ্টেম্বরের ম্যাচের পর সূর্যকুমার যাদব তাঁর মন্তব্য জানিয়েছিলেন। পিসিবির অভিযোগ, সূর্যের মন্তব্য "রাজনৈতিক"। তবে, অভিযোগ দায়েরের সময়টি গুরুত্বপূর্ণ, কারণ মন্তব্যের সাত দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হয়।
২১ সেপ্টেম্বরের ম্যাচে, ভারতীয় সমর্থকরা যখন "কোহলি, কোহলি" বলে স্লোগান দিচ্ছিল, তখন রউফ একটি বিমান মাটিতে ফেলার অঙ্গভঙ্গি করেন। তিনি ভারতীয় ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মাকে গালিগালাজও করেন। একই ম্যাচে, সাহিবজাদা ব্যাটকে মেশিনগান হিসেবে ব্যবহার করে গুলি চালানোর অঙ্গভঙ্গি করেন, যা ব্যাপক সমালোচিত হয়েছে।
ম্যাচের পর ফারহান সাংবাদিকদের বলেন, "সেই উদযাপনটি সেই মুহূর্তের জন্য ছিল। আমি ৫০ রান করার পর খুব বেশি উদযাপন করি না। তবে, হঠাৎ আমার মনে হল আজ একটি উদযাপন করা যাক। আমি সেটাই করেছি। আমি জানি না মানুষ এটি কীভাবে নেবে। আমি এ নিয়ে চিন্তা করি না।" আইসিসির শুনানিতে রউফ ও সাহিবজাদাকে তাদের অঙ্গভঙ্গির ব্যাখ্যা দিতে হবে। যদি তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে আচরণবিধি অনুযায়ী তাঁদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
আগুনে ঘি ঢেলেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। বুধবার তিনি 'এক্স'-এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি স্লো-মোশন ভিডিও পোস্ট করেন, যেখানে রোনাল্ডো একটি বিমান বিধ্বস্ত হওয়ার ইঙ্গিত করছেন, যা রউফের অঙ্গভঙ্গির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পিসিবি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও এবং তিনি ভারতবিরোধী উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত।












Click it and Unblock the Notifications