Asia Cup 2023: এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান! ফাইনালে ভারতের প্রতিপক্ষ চূড়ান্ত লক্ষ্মীবারেই
Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানে জেতার পর আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয় এলো ৪১ রানে। সুপার ফোরে টানা দুটি ম্যাচ জিতে রবিবারের ফাইনালের টিকিট পেয়ে গেল রোহিত শর্মার দল।
শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ফাইনালের মহড়া সেরে নিতে পারবে মেন ইন ব্লু। তার আগে লক্ষ্মীবারেই চূড়ান্ত হয়ে যাবে রবিবাসরীয় ফাইনালে ভারতের প্রতিপক্ষ। কেন না, বৃহস্পতিবার সুপার ফোরের দ্বৈরথে শ্রীলঙ্কার সামনে পাকিস্তান।

শ্রীলঙ্কা-পাকিস্তান ম্য়াচটি হয়ে দাঁড়িয়েছে এশিয়া কাপের সেমিফাইনাল। যারাই জিতবে তারাই চলে যাবে ফাইনালে। কিন্তু পাকিস্তানের উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট আবহাওয়ার পূর্বাভাস। বৃহস্পতিবার কলম্বোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই ম্যাচটি ধুয়ে গেলে বিশ্বের ২ নম্বর দল বিদায় নেবে এশিয়া কাপ থেকে।
পাকিস্তানের সামনে একটাই রাস্তা খোলা। শ্রীলঙ্কাকে হারাতেই হবে ফাইনালে যেতে গেলে। ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে চলে গিয়েছে। ভারতের নেট রান রেট ২.৬৯০। পাকিস্তান ও শ্রীলঙ্কা- দুই দলই ২ ম্যাচ খেলে ২ পয়েন্টে দাঁড়িয়ে। যদি বৃহস্পতিবারের ম্যাচ ধুয়ে যায় তাহলে ফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা।
তার কারণ হলো, শ্রীলঙ্কার নেট রান রেট মাইনাস (-) ০.২০০, পাকিস্তানের নেট রান রেট মাইনাস (-) ১.৮৯২। ফলে শ্রীলঙ্কার কাছে হারলে পাকিস্তানের বিদায় তো এমনিতেই হয়ে যাবে। এমনকী ম্যাচটি পরিত্যক্ত হয়ে দুই দল এক পয়েন্ট করে পেলেও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে দাসুন শনাকারাই চলে যাবেন ফাইনালে।

বিশ্বকাপের আগে এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার আশায় মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। গ্রুপ পর্বের সাক্ষাৎ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সুপার ফোরে ভারত হারিয়ে দেয় পাকিস্তানকে।
বিশ্বকাপের আগে ফের পাকিস্তান-বধ সারলে আমেদাবাদের দ্বৈরথের আগে যথেষ্ট চাপে থাকবে বাবর আজমের দল। তবে দলগত শক্তির নিরিখে পাকিস্তান এগিয়ে শ্রীলঙ্কার চেয়ে। বাবরদের ফাইনালে ওঠার পথে এখন বড় বাধা বরুণদেবই।












Click it and Unblock the Notifications