Asia Cup 2023: ভারত-পাকিস্তান দ্বৈরথে মাঠ ভরল না শ্রীলঙ্কায়, হোটেলগুলিও মাছি তাড়াচ্ছে! উলটপুরাণের কারণ কী?
Asia Cup 2023: এশিয়া কাপে যেন বিশ্বকাপের উলটপুরাণ। কাল বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হবে। আজ বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই নিমেষেই সোল্ড আউট বার্তা ভেসে আসে।
সঠিক সময়ে বুকমাইশোতে লগ ইন করেও টিকিট কাটার লাইনে অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। দ্রুত টিকিট বিক্রি শুরু হবে এই বার্তা নিমেষেই বদলে গিয়ে জানান দেয়, আর কোনও টিকিট নেই। তবে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি হলো না।

বিশ্বকাপে ভারতের ম্যাচগুলির টিকিটও যে কয়েক মিনিটেই নিঃশেষিত হয়ে সোল্ড আউট বার্তা ঝুলিয়ে দেওয়া হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের হাল দেখে অবাক অনেকেই। আজকের এই ম্যাচে বারবার থাবা বসিয়েছে বৃষ্টি। ভারতের ইনিংসের পর পাকিস্তান ব্যাট করতে নামতেও পারেনি।
পাল্লেকেলে স্টেডিয়ামে আজ ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা হাজির রয়েছেন। তবে বহু দর্শকাসন ফাঁকা, এই বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে। চার বছর পর ওডিআইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তবু টিকিট কেন পড়ে রইল তা নিয়েই আলোচনা চলছে বিভিন্ন মহলে। বৃষ্টিতে ম্যাচ ধুয়ে যাওয়ায় হতাশ হয়েই বাড়ি ফিরতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, গতকালও ক্যান্ডি ও কলম্বোয় ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছিল। যদিও তারপরও অনেক টিকিট পড়ে রয়েছে। পাল্লেকেলেতে গ্যালারির পাশাপাশি ঢালু জায়গায় ঘাসের উপর বসে ম্যাচ দেখার বন্দোবস্ত রয়েছে। দুই জায়গারই অনেক টিকিট পড়ে রইল এশিয়া কাপের হাইভোল্টেজ লড়াইয়ের।
টিকিটের দাম প্রথমে রাখা হয়েছিল ২০ মার্কিন ডলার (শ্রীলঙ্কার রুপিতে ৬৪০০)। তা পরে কমিয়ে করা হয় ১৫০০ এলকেআর, এমনকী ২৫৬০ এলকেআরে ভারত-পাকিস্তান ও ভারত-নেপাল ম্যাচের টিকিট বিক্রি করার ব্যবস্থা রাখা হয়। তাতেও সাড়া মেলেনি। কলম্বোর এক ব্যবসায়ী বরুণ ঘোষ বলেছেন, প্রথমে ভেবেছিলাম টিকিট পাব না। কিন্তু গতকালই টিকিট কেটে আজ খেলতে দেখছি স্টেডিয়ামে বসে।
গ্র্যান্ড স্ট্যান্ডে টিকিটের দাম বেশি ছিল (প্রায় ৬৪০০০ এলকেআর)। কিন্তু উইকেন্ডে কম দামের টিকিটও কেন বিক্রি হলো না, তা বোধগম্য হচ্ছে না শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের। যদিও তাঁরা এখন মনে করছেন, বৃষ্টির পূর্বাভাসের কথা ভেবেও অনেক ক্রিকেটপ্রেমী মাঠমুখো হতে চাননি। তবে শ্রীলঙ্কার হোটেল মালিকরাও হতাশ। মুলতানে উদ্বোধনী ম্যাচেও স্টেডিয়াম ফাঁকা ছিল।
এশিয়া কাপ উপলক্ষে অনেক ক্রিকেটপ্রেমী বিদেশ থেকে শ্রীলঙ্কায় পৌঁছবেন বলে। ফলে হোটেল বুকিং ভালোই হবে বলে আশা ছিল হোটেল মালিক ও ট্যুর অপারেটরদের। যদিও এখনও বহু হোটেলেই ঘর ফাঁকা পড়ে রয়েছে। আমেদাবাদে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ উপলক্ষে হোটেল বুকিং তো পাওয়া যাচ্ছেই না, দর বাড়ছে হু-হু করে। সেখানে শ্রীলঙ্কায় মাছি তাড়ানোর দশা!












Click it and Unblock the Notifications