Asia Cup 2023 Exclusive: ঈশান কিষাণের পাকিস্তান ম্য়াচের ইনিংসকেই সেরা বাছলেন কোচ উত্তম, ওপেন করানোর সওয়াল
Asia Cup 2023 Exclusive: ঈশান কিষাণ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারে প্রথমবার খেলতে নেমেই ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। উল্লেখ্য, ধোনির রাজ্য থেকেই উত্থান কিষাণের। প্রিয় ছাত্রের ইনিংস দেখে মুগ্ধ কোচ উত্তম মজুমদার।
উত্তম মজুমদারের জহুরির চোখ চিনে নিয়েছিল ছোট্ট ঈশানকে। বাকিটা ইতিহাস। একের পর এক ধাপ পেরিয়ে ঈশান এবার বিশ্বকাপেও ভারতীয় দলে নিজের জায়গা জোরালো করে ফেললেন পাল্লেকেলেতে দায়িত্বশীল ব্যাটিং করে।

ঈশান কিষাণ আজ ব্যাট করতে নেমেছিলেন পাঁচ নম্বরে। ততক্ষণে আউট হয়ে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। কিছুক্ষণের মধ্যে ফিরে যান শুভমান গিল। এরপর হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণের জুটিতে যোগ হলে ১৪১ বলে ১৩৮ রান। যার সৌজন্যে ভারত শেষ অবধি পৌঁছতে পেরেছে ২৬৬ রানে। ঈশান ৯টি চার ও ২টি ছক্কার সাহায্য়ে করেন ৮১ বলে ৮১।
বিশেষজ্ঞরা বলছিলেন, ঋষভ পন্থের অনুপস্থিতিতে ঈশান কিষাণই উইকেটকিপার হিসেবে যোগ্য বিকল্প। উইকেটকিপার হিসেবে ঈশানের মূল লড়াই এখন লোকেশ রাহুলের সঙ্গে। রাহুলের মতো তিনিও বিভিন্ন পজিশনে ব্যাট করতে পারেন। তবে দলের বিপদে তিনি যে ইনিংস আজ খেললেন তাতে বিশ্বকাপের একাদশে থাকার টিকিট কনফার্ম বলেই মত অনেকের।

ঈশানের কোচ উত্তম মজুমদার ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, ঈশানের আজকের ইনিংস তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ইনিংস। বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের বিশ্বরেকর্ডটির চেয়েও এটিকে এগিয়ে রাখব। কারণ, পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ। ক্রাঞ্চ সিচুয়েশন। রোহিত, বিরাটরা আউট হয়ে যাওয়ায় ভারত চাপে ছিল।
হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে কিষাণের পার্টনারশিপই ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার ভিত তৈরি করেছে বলে মন্তব্য উত্তমের। তিনি বলেন, চাপের মুখে দায়িত্বশীল, পরিণত ব্যাটিং করেছেন কিষাণ। পাকিস্তানের বোলাররা তখন চেপে ধরেছিলেন ভারতীয় ব্যাটিং লাইন আপকে। সেখানে প্রথমবার পাকিস্তান ম্য়াচ খেলতে নেমে চেনা মেজাজেই ছিলেন কিষাণ।
ভারতের উইকেটকিপার হিসেবে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে করা ধোনির সর্বাধিক রানের রেকর্ডটি ভেঙে দিয়েছেন ঈশান। ধোনি ২০০৮ সালে করেছিলেন ৭৬, ২০১০ সালে করেন ৫৬, ১৯৮৪ সালে শারজায় সুরিন্দর খান্নাও করেছিলেন ৫৬। সেই সব নজির ছাপিয়ে ঈশানের নয়া রেকর্ডের কথা জেনেও উচ্ছ্বসিত ও গর্বিত তাঁর কোচ উত্তম।

আজ ভারতের টিম লিস্টে ঈশান কিষাণের নাম ছিল তিন নম্বরে। অনেকের মতো উত্তমও অপেক্ষায় ছিলেন ছাত্রকে তিন নম্বরে নামতে দেখার। কিন্তু তিনে বিরাট কোহলিই নামেন। হার্দিকের সঙ্গে ঈশানের পার্টনারশিপ দেখে উত্তম মজুমদার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করলেন। তা হলো ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন।
আজ শুভমান গিল রান পাননি। উত্তম বলেন, ঈশানকে ওপেনিংয়ে বা তিনে নামালে ভারতই লাভবান হবে। আজও যখন হার্দিক ও কিষাণ জুটি বাঁধেন, তখন ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ছন্দ কিছুটা হলেও নষ্ট করেছিল পাক বোলারদের। সব সময়ই এটা হয়। একজন ডানহাতির সঙ্গে একজন বাঁহাতি ব্যাট করলে বোলাররা অসুবিধাতেই পড়েন।
আইপিএলে রোহিত শর্মার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে ওপেন করেন ঈশান। ফলে তাঁকে ওপেনিংয়ে পাঠালে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতের এগিয়ে থাকার সম্ভাবনা দেখছেন উত্তম। উল্লেখ্য, গত বছর ঈশান ওপেন করতে নেমে ১৩১ বলে ২১০ করেছিলেন। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশান ৮৪ বলে ৯৩ করেছিলেন তিন নম্বরে নেমে।
উল্লেখ্য, ঈশানের একটি শতরান ও ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে ওডিআই। টানা চতুর্থ অর্ধশতরানটি করলেন এদিন। ওয়েস্ট ইন্ডিজে তিনি শুভমান গিলের সঙ্গে ওপেন করেছিলেন ওডিআই সিরিজে। রান ছিল যথাক্রমে ৫২, ৫৫, ৭৭। আজকের ৮২ রান ঈশানের কেরিয়ারেও টার্নিং পয়েন্ট হয়ে থাকতেই পারে।












Click it and Unblock the Notifications