বিশ্বকাপ ফাইনালে পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক : আইসিসি সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মুস্তাফা কামাল
ঢাকা, ১ এপ্রিল : বিশ্বকাপ ফাইনালে পুরস্কার দেওয়া নিয়ে বিতর্কের জেরে আইসিসি সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন আহমেদ মুস্তাফা কামাল।
এদিন অস্ট্রেলিয়া থেকে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি।

আইসিসিতে এন শ্রীনিবাসনের আধিপত্য সহ্য করতে না পেরে একপ্রকার বাধ্য হয়েই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। কারণ বিশ্বকাপ ফাইনালের দিন হওয়া ঘটনা অত্যন্ত অবমাননাকর বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কামাল। এই অবস্থায় পদত্যাগ না করলে মান নিয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে টিঁকে থাকা দায় হত। পাশাপাশি শ্রীনিবাসনের কাছেও মাথা নত করে থাকতে হত যা কখনও হতে দিতে চাননি কামাল। আর তাই দেশে ফিরেই তড়িঘড়ি এই পদত্যাগের সিদ্ধান্ত বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন সভাপতি। অতীতেও তাই হয়েছে। কিন্তু রবিবার মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। যার জেরে রেগেমেগে মাঠ ছাড়েন কামাল। এরপরই তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নেন।
কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিং বিতর্কে সভাপতি পদে থেকেই প্রকাশ্যে আম্পায়ারিং নিয়ে মুখ খোলেন কামাল। যার জেরে আইসিসি সিইও ডেভ রিচার্ডসন সাংবাদিক সম্মেলন করে কামালের বক্তব্যের বিরোধিতা করেন।












Click it and Unblock the Notifications