সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেবে অজিরা, হুমকি ম্যাক্সওয়েলের
সিডনি, ২২ মার্চ : সিডনিতে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মাঠে নামার আগেই মাঠের বাইরে শুরু হয়ে গিয়েছে দ্বৈরথ। প্রতিবারের মতো এবারও অস্ট্রেলিয়ানরাই নানা উত্তেজক কথা বলে প্রতিপক্ষের মনোবলে ধাক্কা দেওয়ার কাজটা শুরু করে দিয়েছেন।
শনিবার যেমন করলেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা গ্লেন ম্যাক্সওয়েল। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি তাঁর হুঁশিয়ারি, "ভারত যেন মনে রাখে বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে এই অস্ট্রেলিয়ার মাটিতেই একটাও ম্যাচ তারা জিততে পারেনি। আশা করি বিষয়টি ওদের ভালোই মনে রয়েছে।"

সিডনিতেও সেই একই ফর্ম ধরে রেখে ভারতকে উড়িয়ে দিতে অজিবাহিনী যে প্রস্তুত তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল।
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অসাধারণ ফর্মে রয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত। পরপর সাতটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছেন রায়না, কোহলিরা। পরপর দ্বিতীয়বারের জন্য কাপ জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছে ধোনিদের। এব্যাপারে ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ভারত যথেষ্ট শক্তিশালী দল। ফলে আমাদেরও নিজেদের খেলার মানকে অনেক উঁচুতে নিয়ে যেতে হবে।
তবে বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে আলাদা কোনও গেমপ্ল্যান নিয়ে নামবেন না অজিরা, স্পষ্ট করে দিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি জানিয়েছেন, গত অস্ট্রেলিয়া সিরিজে যে ছকে ভারতকে নাকানিচোবানি খাইয়েছিলেন তাঁরা, সেই একই ছকে ভারত বধ করতেই বৃহস্পতিবার সিডনির সেমিফাইনালে নামবে অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications