Sandeshkhali Incident: ইডির 'দুয়ারে' পুলিশের আধিকারিকরা, বয়ান রেকর্ড কি সম্ভব হল?
ইডির 'দুয়ারে' পুলিশ। বুধবার ইডি অফিসে হাজির হলেন বসিরহাট জেলা পুলিশের ডিএসপি। এরপর হাজির হয়েছিলেন বনগাঁ পুলিশের ডিএসপি দীপেন্দ্র তামাং। ইডি আধিকারিকের বয়ান রেকর্ড করতে তারা এসেছিলেন বলে জানা গিয়েছে।
গত শুক্রবার বসিরহাটে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। তাদের মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আবার বনগাঁয় গিয়ে হামলার মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার আলাদা আলাদা সময়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন পুলিশের আধিকারিকরা।

বসিরহাট জেলা পুলিশের ডিএসপি সানন্দা গোস্বামী ইডি দফ্তরে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে যান। ইডির তরফে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের বয়ান রেকর্ড করতে যাওয়া হয়। পুলিশ অফিসারদের হাতে ক্যামেরাও ছিল। কিন্তু এদিন বয়ান রেকর্ড হয়নি।
ডিএসপি সানন্দা গোস্বামী বেরোনোর সময় জানান, বয়ান রেকর্ড সম্ভব হয়নি। এই মামলার ডেপুটি ডিরেক্টর অভিযোগকারী অফিসে থাকলেও অন্য কাজে ব্যস্ত রয়েছেন বলে দাবি করেছেন। সেই কারণেই তিনি বয়ান রেকর্ড করাতে পারেননি। ডিএসপি বসিরহাট আরও দাবি করেন, অভিযোগকারী ইডি আধিকারিককে তিনবার নোটিশ করা হয়েছিল বয়ান রেকর্ড করা হয়েছে।
বসিরহাটে শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য গিয়েছিল ইডি। সেখানে ইডির উপর হামলা হয়। ইডির বিরুদ্ধেও পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বনগাঁর বাড়ি থেকে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেছিল ইডি। সেই দিন ইডির উপর হামলা চালানো হয়েছিল। ইডির গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়েছিল। বনগাঁ পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল।
বনগাঁর ডিএসপি দীপেন্দ্র তামাং বুধবার ইডি দফতরে আসেন। ইডি আধিকারিকদের সঙ্গে কী ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে কথা বলতে যান তিনি। পাশাপাশি বয়ান রেকর্ড করাও উদ্দেশ্য ছিল। কিন্তু তারাও খালি হাতেই ফিরে গিয়েছেন।
অন্যদিকে ইডির তরফে কলকাতা হাইকোর্টের মামলা করা হয়েছে৷ তদন্তে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন। এদিকে তাদের বিরুদ্ধেই পুলিশে অভিযোগ হয়েছে। ইডি আধিকারিকদের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা চলছে। এমনই অভিযোগ করছেন তদন্তকারীরা৷












Click it and Unblock the Notifications