Barasat: ভোট কাটাকুটিতে বারাসতে ফায়দা তৃণমূলের, বিজেপি এগিয়ে জ্যোতিপ্রিয় ও মন্ত্রী সুজিতের বিধানসভা ক্ষেত্রে
Barasat: ২০০৯ থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচন- টানা চারবার বারাসত কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জিতেই সাংসদ হলেন ডা. কাকলি ঘোষ দস্তিদার। এবারের মার্জিন ১,১৪,১৮৯।
২০০৯ সালে কাকলি জেতেন ১,২২,৯০১ ভোটে। ২০১৪ সালে তা বেড় হয়েছিল ১,৭৩,১৪১। ২০১৯ সালে জয়ের ব্য়বধান নেমে এসেছিল ১,১০,১৬৯-এ। অনেক বিধানসভা ক্ষেত্রে ভোট কাটাকাটি সুবিধা করে দিয়েছে তৃণমূলের।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা ক্ষেত্রেই এগিয়ে ছিল তৃণমূল। যদিও এবারের লোকসভা নির্বাচনে হাবরা ও বিধাননগরে এগিয়ে রয়েছে বিজেপি। উল্লেখ্য, হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলবন্দি। বিধাননগরের বিধায়ক সুজিত বসু রাজ্যের মন্ত্রী।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাবরায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র জয়ের ব্যবধান ছিল ৩,৮৪১। বিধাননগরে সুজিত বসু জিতেছিলেন ৭,৯৯৭ ভোটে। এবারের লোকসভা নির্বাচনে হাবরায় বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেয়েছেন ১,০২,০৮৯ ভোট। কাকলি পেয়েছেন ৮২,১৫৬ ভোট অর্থাৎ ১৯ হাজার ৯৩৩ ভোটে লিড বিজেপির।
সুজিতের বিধাননগরে এবারের লোকসভা নির্বাচনে ১১ হাজার ১৫৬ ভোটে লিড নেন বিজেপি প্রার্থী। তিনি এই বিধানসভা ক্ষেত্রে পেয়েছেন ৭৮ হাজার ৮৮৩ ভোট, কাকলির প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৭২৭। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদযাত্রা করেছিলেন বিধাননগরে। কিন্তু তাতেও জয় সুনিশ্চিত হয়নি এই বিধানসভা ক্ষেত্রে।
কাকলিকে সবচেয়ে বড় লিড এনে দিয়েছে দেগঙ্গা। সেখানে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ১০ হাজার ৬২৭ ভোট, বিজেপি পেয়েছে ৪২ হাজার ৩৮২ ভোট। এই বিধানসভা ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আইএসএফের তাপস বন্দ্যোপাধ্যায়, তিনি পেয়েছেন ৫০ হাজার ২৪৯টি ভোট।
মধ্যমগ্রাম বিধানসভা ক্ষেত্রে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ১০ হাজার ৮৩২ ভোট, বিজেপি পেয়েছে ৭৯,১৮২ ভোট। এই বিধানসভা ক্ষেত্রে বিধায়ক রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন ৪৮,১২৬ ভোটে, লোকসভা ভোটে এখানে মার্জিন কমে হয়েছে ৩১,৬৫০। মধ্যমগ্রামে ১৯, ২৮৮টি ভোট পেয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী, আইএসএফ পেয়েছে ২০ হাজার ২১৬ ভোট। এই ভোট ভাগাভাগির ফায়দা তুলেছে তৃণমূল।
অশোকনগরে তৃণমূল ৯৭ হাজার ৮০১ এূং বিজেপি ৮৪,৭০৭ ভোট পেয়েছে। এখানে ফরওয়ার্ড ব্লক ১১,৩২২ ও আইএসএফ ২১,১৮৩ ভোট পেয়েছে। ফলে ভোট কাটাকাটিতে বাজিমাত তৃণমূলের।
রাজারহাট-নিউ টাউনে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৮২২ ভোট, বিজেপি পেয়েছে ৯১ হাজার ৪০৫ ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় তৃণমূলের লিড ছিল ৫৬ হাজার ৪৩২, তাপস চট্টোপাধ্যায় এখানকার বিধায়ক। লোকসভা নির্বাচনে মার্জিন কমে হয়েছে ২৮,৪১৭। এখানে ফরওয়ার্ড ব্লক ১৫,৮৫৮ ও আইএসএফ ১৫,৫৫৭ ভোট পেয়েছে।
বারাসতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ২০২১ সালে তিনি জিতেছিলেন ২৩ হাজার ৭৮৩ ভোটে। লোকসভা নির্বাচনে এই বিধানসভা ক্ষেত্রে কাকলির লিড কিন্তু অনেক কম। কাকলি পেয়েছেন ১ লক্ষ ৫৪৮টি ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ৯৭,৩৭৬টি ভোট। বারাসতে ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছেন ২১ হাজার ৯০০ ভোট।












Click it and Unblock the Notifications