Duttapukur: কাটা মুণ্ডু রহস্যের কিনারা, দত্তপুকুরকাণ্ডে গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী; কেন খুন?
Duttapukur: দত্তপুকুরে মুণ্ডুহীন দেহ (Beheaded Body Found) উদ্ধারের ঘটনায় অবশেষে জানা গেল নিহতের পরিচয়। মৃত যুবকের শরীরে ট্যাটু (Tattoo) দেখেই রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রীকে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম হজরত লস্কর।
মৃত যুবকের পরিচয় জানতে পুলিশের ভরসা ছিল ট্যাটু। বাঁ হাতে আঁকা রয়েছে দুটি ট্যাটু। একটিতে লাভ চিহ্ন ও অপরটিতে ইংরেজি হরফে বি অক্ষর লেখা। এই 'বি' অক্ষর ধরেই তদন্তে এগোয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, চুরি-ডাকাতি ছিনতাইয়ে সিদ্ধহস্ত দুই মাসতুতো ভাই হজরত লস্কর ও ওবায়দুল্লাহ মণ্ডল।

হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ত্রাস ছিল নিহত হজরত লস্কর ও তার মাসতুতো ভাই ওবায়দুল্লাহ মণ্ডলের। কয়েক বছর আগেই হজরত সেসব ছেড়ে উত্তরপাড়ার পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্র ধরেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ। সূত্রের খবর, মাসতুতো ভাই জেলে থাকার সময়ই তার স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত।
এদিকে, মাস দুয়েক আগেই জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ। ফোন করে ডেকে পাঠিয়ে হজরতকে নৃশংসভাবে খুন করে সে। ওবায়দুল্লাহর সঙ্গে আরও একজন ছিল বলে জানায় পুলিশ। তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাসতুতো ভাইয়ের স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকাতেই কি হজরতকে খুন? তদন্ত করে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।
প্রসঙ্গত, দত্তপুকুরে মুণ্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় ৭২ ঘণ্টা হতে চলল। এখনও মেলেনি কাটা মুণ্ডু। বুধবার যুবকের মুণ্ডহীন দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসে। ময়নাতদন্ত বিশেষজ্ঞদের অনুমান, খুব ধারালো অস্ত্র দিয়ে এক কোপেই ধড় থেকে মুণ্ডু আলাদা করা হয়েছে ওই যুবকের। ময়নাতদন্ত রিপোর্টে এও জানা গিয়েছে, নিহত যুবকের পেটে কোনও অ্যালকোহল মেলেনি।
কিন্তু দত্তপুকুরের ছোট জাগুলিয়ায় যে মাঠ থেকে যুবকের মুণ্ডহীন দেহ মিলেছিল, সেখানে আশেপাশে মদের গ্লাস, চিপসের প্যাকেট মিলেছিল। যুবকের পরিচয় জানতে কালঘাম ছুটছিল পুলিশের। কাটা মুণ্ডুর খোঁজে খালে ডুবুরি নামিয়ে মঙ্গলবার তল্লাশি চালায় দত্তপুকুর থানার পুলিশ। অবশেষে ট্যাটুর সূত্র ধরে গ্রেফতার করা হল নিহতের মাসতুতো ভাই ও তাঁর স্ত্রীকে।












Click it and Unblock the Notifications