হেফাজতে শেখ শাহজাহান! সন্দেশখালিতে সরেজমিন তদন্তে সিবিআই
বুধবার রাতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। তারপর বৃহস্পতিবার বিকেলে সন্দেশখালিতে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়িতে যান তাঁরা। যে বাড়িতে ইডি তালা মেরে এসেছিল, সেই বাড়ির বাইরে থেকে ছবিও তোলেন সিবিআই আধিকারিকরা।
সিবিআই আধিকারিকরা বৃহস্পতিবার বিকেলে শেখ শাহজাহানের বাড়ির বাইরে থেকেই পর্যবেক্ষণ করেন। তারপর তাঁরা স্থানীয় মার্কেটেও হানা দেন। তবে সিবিআই আধিকারিকরা সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাননি।

গত পাঁচ জানুয়ারি শেখ শাহজাহানের এই বাড়িতেই গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেই সময় রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু হাজার খানেক লোক ইডিরা আধিকারিকদের ওপরে হামলা চালায়। এমন পরিস্থিতি তৈরি হয় যে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকার পরেই ফিরে আসতে বাধ্য হন ইডির আধিকারিকরা।
এরপর থেকে পঞ্চাশ দিনের ওপরে অন্তরালে ছিল বর্তমানে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা শেখ শাহজাহান। ২৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরই মধ্যে ইডির আধিকারিকরা দ্বিতীয়বার শেখ শাহজাহানের বাড়িতে যান। তালা ভেঙে তাঁরা ভিতরেও ঢোকেন। বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পরে তাঁরা বাড়ি সিল করে চলে যান। সেই দিন থেকে শেখ শাহজাহানের ওই বাড়ির বাইরে ঝুলছে নোটিশ। বাড়ির বাইরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
বৃহস্পতিবার বিকেলে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার সেই বাড়িতে যায় সিবিআই। গত পাঁচ মার্চ কলকাতা হাইকোর্ট সন্দেশখালির ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে। এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে বুধবার শেষ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেয় রাজ্য পুলিশ। ভবানীভবন থেকে সাসপেন্ডেড তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে।
বৃহস্পতিবার বিকেলে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ি থেকে বেরিয়ে সন্দেশখালির শেখ শাহজাহান মার্কেটে যান। সেখানে শেখ শাহজাহানের অফিসও রয়েছে। সিবিআই আধিকারিকরা সেখানকার ছবিও তোলেন। মূলত এদিন সন্দেশখালিতে তথ্য সংগ্রহের কাজ করেন সিবিআই আধিকারিকরা।












Click it and Unblock the Notifications