নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে টিভি-গাড়ি, উৎসবের মরশুমেই সস্তা হতে চলেছে বহু পণ্য, জিএসটি সংস্কারের পথে কেন্দ্র
ভারত সরকার প্রায় ১৭৫টি পণ্যে কমপক্ষে ১০ শতাংশ শুল্ক কমানোর পরিকল্পনা করেছে। যার মধ্যে শ্যাম্পু, হাইব্রিড গাড়ি এবং কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিএসটি সংস্কারের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই সংস্কার গত প্রায় এক দশকের মধ্যে পণ্য ও পরিষেবা কর (GST) ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন চলছে। সেখানে প্রধানমন্ত্রী মোদী বারবার ভারতীয় পণ্যের ব্যবহার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

গত মাসে স্বাধীনতা দিবসে মোদী প্রথম তাঁর এই সংস্কার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। যেখানে তিনি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির মানুষের জন্য দৈনন্দিন পণ্য সস্তা করার প্রতিশ্রুতি দেন।
তাঁর প্রস্তাব অনুযায়ী, ট্যালকম পাউডার, টুথপেস্ট এবং শ্যাম্পুর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের GST ১৮% থেকে ৫% এ নামিয়ে আনা হবে। এর ফলে হিন্দুস্তান ইউনিলিভার এবং গোদরেজ ইন্ডাস্ট্রিজের মতো সংস্থাগুলির বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, অক্টোবর মাস থেকে শুরু হতে যাওয়া দিওয়ালি কেনাকাটার মরসুমের আগে এয়ার কন্ডিশনার এবং টেলিভিশন সেটের GST ২৮% থেকে ১৮% এ কমানো হতে পারে। এই সময় স্যামসাং, এলজি ইলেকট্রনিক্স এবং সোনির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য বিস্তার করে।
ভারতের GST কাউন্সিল, যার প্রধান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং দেশের রাজ্যগুলোর প্রতিনিধিরা রয়েছেন, তাঁরা ৩-৪ সেপ্টেম্বরের বৈঠকে কর ছাড়ের তালিকা চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রক যদিও এই বিষয়ে চূড়ান্ত কোনও মন্তব্য করেনি।
এই প্রস্তাবিত কর ছাড়ের উদ্দেশ্য হল অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রে রফতানি হ্রাসের সম্ভাব্য প্রভাব মোকাবিলা করা, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং ভারতীয় উৎপাদনকারীদের মধ্যে আত্মনির্ভরশীলতা উৎসাহিত করা।
ভারত সরকার সার, কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর এবং তার যন্ত্রাংশের মতো প্রধান রফতানি পণ্যের উপর ভোগ্য কর (Consumption Tax) বর্তমানে ১২% বা ১৮% থেকে ৫%-এ কমানোর পরিকল্পনা করছে। এই হ্রাস পোশাক শিল্পেও প্রযোজ্য হবে। যা ভারতের অন্যতম বৃহত্তম রফতানি খাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর এবং সুজুকি মোটরের জন্য একটি ইতিবাচক খবর হল, মোদী সরকার ছোট পেট্রোল হাইব্রিড গাড়ির উপর GST ২৮% থেকে ১৮% এ কমানোর প্রস্তাব দিয়েছে। নির্মাতারা বহু বছর ধরে এই প্রযুক্তির উপর কর কমানোর জন্য দাবি জানিয়ে আসছে। ফলে তাঁরাও লাভবান হবেন। এছাড়াও কেন্দ্র সরকার ৩৫০ সিসির কম ইঞ্জিনের মোটরসাইকেল এবং স্কুটারের উপর কর কমানোর প্রস্তাব দিয়েছে।
এই প্রস্তাবিত কর ছাড়ের ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজারে ছোট গাড়ির বিক্রি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এটি ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি, সেইসঙ্গে প্রতিদ্বন্দ্বী হুন্ডাই মোটর এবং টাটা মোটরসের জন্য একটি বড় সহায়ক হবে।












Click it and Unblock the Notifications