ব্যাঙ্কের সংকটে দায়িত্ব পালন করেননি প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন! বিস্ফোরক অভিযোগ অর্থমন্ত্রী নির্মলার
রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, যে সময় দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা সংকটে পড়েছিল, সেই সময় রঘুরাম রাজন গভর্নর হিসেবে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সীতারমন আরও বলেছেন, সমস্যার পড়ার পরে ব্যাঙ্কগুলি নিয়ন্ত্রক অর্থাৎ আরবিআইয়ের দিকে তাকিয়ে ছিল।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সীতারমন বলেছেন, ব্যাঙ্কগুলি বাইরের চাপ মোকাবিলায় কাজ করেছে। রাজনের উচিত ছিল বাইরের চাপ থেকে তাদের রক্ষা করা এবং ব্যাঙ্কগুলিকে নিয়ম সম্পর্কে জানানো, কিন্তু তিনি সেটা করেননি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রঘুরাম রাজনকে নিশানা করে বলেছেন, প্রাক্তন গভর্নরকে স্পষ্ট করা উচিত, যে তিনি একজন অর্থনীতিবিদ নাকি রাজনীতিকের টুপি পরে বসে কথা বলেন। প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগে রঘুরাম রাজন বলেছিলেন, দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নয় থেকে দশ শতাংশ নির্ধারণ করতে হবে। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্তব্য করেছেন নির্মলা সীতারমন।
সেই সময় রঘুরাম রাজন আরও বলেছিলেন, বর্তমান বৃদ্ধির হারে ভারত ২০৪৭ সালের মধ্যে চিনের বর্তমান মাথা পিছু আয়ে পৌঁছে যাবে। তবে ভারতকেও ক্রমবর্ধমান জনসংখ্যার মুখোমুখি হতে হবে। তিনি বলেছিলেন, ভারতে যদি বর্তমান হারে বৃদ্ধি হয়, তবে তা ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় আসতে পারবে না।
রঘুরাম রাজন বলেছিলেন, চিনের মতো উৎপাদনের ওপরে ফোকাস করে একটি কর্তৃত্ববাদী রূপান্তর আধুনিক সময়ে এবং বিশ্বের বাজারে আর বিকল্প হবে না। তিনি আরও বলেছিলেন, ভারতকে তার জনসংখ্যা ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি তৈরির ক্ষমতার দিকে মনোনিবেশ করতে হবে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব থেকে অব্যাহতির পরে রঘুরাম রাজনকে দেখা গিয়েছে মোদী সরকারের নীতির সমালোচনা করতে। তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও সামিল হয়েছিলেন। সেই সময় বিজেপি তাঁকে নিশানা করেছিল।












Click it and Unblock the Notifications