মিঠাইকে সামলাতে জনপ্রিয় টিভি চ্যানেলে এবার আসছে 'গৌরী'
মিঠাইকে সামলাতে জনপ্রিয় টিভি চ্যানেলে এবার আসছে 'গৌরী'
ফেব্রুয়ারির শুরুতেই বাংলা টেলিভিশন জগতে এসেছে বিরাট পরিবর্তন। টিআরপি তালিকায় একের পর এক রদ বদলে 'কারও পৌষ মাস ত কারও সর্বনাশ' হয়েছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় আছে বাংলা বিনোদন জগতের দুই প্রথম সারির টেলিভিশন চ্যানেল। এক চ্যানেলে দিন কয়েক আগেই শুরু হয়েছে নতুন এক ধারাবাহিক যেখানে রূপ বড় না গুণ, তা নিয়ে এই চিরাচরিত দ্বন্দ্ব চলছে জোর কদমে। সেখানে অন্য এক টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হল এক নতুন ধারাবাহিকের ট্রেলার।
'গৌরী' আসছে
এই সপ্তাহের টপ টেন টিআরপি লিস্টে বড় ধাক্কা খেয়েছে মিঠাই। আর তাই সেই ধাক্কা সামলাতেই উঠেপড়ে লেগেছে এই জনপ্রিয় বিনোদন চ্যানেলের কর্তৃপক্ষরা। একের পর এক চমক দিতে প্রস্তুত তাঁরা। এরই মধ্যে লক্ষ্মী কাকিমা, পিলু, উমার দৌলতে ক্রিজে টিকে রয়েছে এই টিভি চ্যানেল। কিন্তু এবার বাউন্ডারি হাঁকাতে আসতে চলেছেন স্বয়ং গৌরী। এমনিতেই ২০২২ সাল শুরুর থেকেই একগুচ্ছ নতুন ধারাবাহিকের আগমন ঘটেছে বাংলা টেলিভিশনের পর্দায়। শুধু তাই নয়, টেলিকাস্ট হওয়ার মাত্র কিছুদিনের মধ্যের ব্যাপক জনপ্রিয়তা পেয়ে সেগুলি টিআরপি তালিকায় সেরার সেরা স্থানও ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। আর এবার সেই লড়াইয়ে টক্কর দিতে চলেছে গৌরী।

'গৌরী এল'র কলাকুশিলীরা
নতুন ধারাবাহিক 'গৌরী এল'র ফার্স্ট ট্রেলার সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে পুরনো নতুন একঝাঁক টেলি তারকাদের। সিরিয়াল 'গৌরী এল'র মুখ্য ভুমিকায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় 'ডান্স বাংলা ডান্স' রিয়েলিটি শোয়ে অংশগ্রহণকারী পার্টিসিপেন্ট নৃত্যশিল্পী মোহনা মাইতি। আর সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন পরিচিত অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এর আগে 'দুর্গা দুর্গেশ্বরী' সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এছারাও সিরিয়ালের অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে ভাস্বর চট্টোপাধ্যায়, দ্বৈপায়ন দাস প্রমুখ। আর প্রধান খল চরিত্রে থাকবেন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ।

কোন ব্যানারে নয়া সিরিয়াল?
নতুন এই সিরিয়াল 'গৌরী এল' তৈরি করছেন শহরের বিখ্যাত প্রযোজনা সংস্থা 'ক্রেজি আইডিয়াস মিডিয়াজ'। বাংলা টেলিভিশন জগতের খুবই জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনায় আসতে চলেছে এই নতুন সিরিয়াল। ইতিমধ্যেই প্রথম ট্রেলার দেখেই রীতিমত উৎসাহিত দর্শকরা। তাঁরা অপেক্ষা করছেন কবে দেখতে পাবেন 'গৌরী এল'।

কোন স্লটে আসবে 'গৌরী'?
সকলেই জেনে গিয়েছেন যে গত প্রায় ৫ বছর ধরে টেলিভিশন জগতে রাজত্ব করার পর অবশেষে শেষ হচ্ছে রানি রাসমণী। আর সেই স্লটে আসতে চলেছে বাম্পার সিরিয়াল অপরাজিতা আঢ্য এবং দেব শংকর হালদার অভিনীত 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' কিন্তু সেক্ষেত্রে 'গৌরী এল' কবে শুরু হবে তার স্লট এখনও কিছু ঠিক হয়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে কম টিআরপি বিশিষ্ট কোনও সিরিয়াল খুব তাড়াতাড়ি শেষ করে সেই স্থানেই শুরু হতে পারে নতুন এই সিরিয়াল 'গৌরী এল'।












Click it and Unblock the Notifications