প্লুটোয় মিলল বরফের হৃদয়! আশ্চর্যজনক ছবি নাসার নিউ হরাজাইনস মহাকাশযানের ক্যামেরায়
প্লুটো গ্রহ না কি গ্রহ নয়, তা নিয়ে এখনও বিতর্কের অবসান পুরোপুরি হয়নি। তবে প্লুটোকে বামন গ্রহের তকমা দেওয়া হয়েছে। এই বামন গ্রহেই সম্প্রতি একটি অবাক করা কাণ্ড ঘটেছে। প্লুটোর গায়ে বরফের হৃদয় দেখা গিয়েছে সম্প্রতি। এমনই একটি ছবি প্রকাশ করে চমকে দিয়েছে নাসা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাবিশ্বের নতুন নতুন ছবি তুলে প্রায়শই চমক দেয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কেপ, হাবল স্পেস টেলিস্কোপ থেকে শুরু করে নাসার নিউ হরাজাইনস মহাকাশযানের ক্যামেরাও এখন মহাকাশের নানা আশ্চর্যজনক ছবি পাঠাচ্ছে পৃথিবীতে।

তেমনই এবার নাসার নিউ হরাজাইনস মহাকাশযানের ক্যামেরাই অন্য প্লুটোর ছবি অবাক করে দিয়েছেন মহাকাশ বিজ্ঞানীদের। প্লুটোর বুকে ফুটে উঠছে এক হৃদয়। সেই হৃদয়ের ছবিতে মহাকাশপ্রেমীদের মন মজেছে। অনেকেই অভিভূত সেই ছবি দেখে।
কিন্তু ওই হৃদয় আসলে কী? সম্প্রতি নাসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে গ্রহটিক গায়ে একটি বড় অংশজুড়ে রয়েছে সাদা রঙের ছাপ। আর সেই সাদা রঙের ছাপটির আকৃতি হৃদয়ের মতো। প্লুটোর সেই ছবি নিয়ে শুরু হয় চর্চা।
এরপর নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই সাদা রঙের হৃদয় আসলে প্লুটোর মধ্যেকার বরফের স্তূপ। সেটি একটি হিমবাহ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। প্লুটোর ওই অংশ বরফে ঢাকা। মূলত নাইট্রোজেন ও মিথেন গ্যাসে পরিপূর্ণ প্লুটো। তার মধ্যে বরফের পর্বত রয়েছে। গর্ত, উপত্যকা ও সমতল এলাকাতেও রয়েছে বরফের চাঁই।
বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, ওই বরফও নাইট্রোজেন আর মিথেনে পরিপূর্ণ। প্লুটোর যে ছবি নাসা ইনস্টাগ্রামে পোস্ট করেছে, তা দেখতে ঘোলাটে সবুজ রঙের। তার উপর কখনো গাঢ় কখনো হালকা রঙের ছায়া রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে যে এলাকায় গাঢ় অন্ধকার দেখা যাচ্ছে, সেখানে গর্ত এবং ফাটল রয়েছে।

নাসার তরফে আরো জানানো হয়েছে, প্লুটোর বেশিরভাগ অংশই ছায়ায় ঢাকা, মাঝের হৃদয় আকৃতির ওই এলাকাটুকু তুলনামূলক সাদা। সেখানে পাহাড়-পর্বত, উপত্যকা মিলে আলাগা একটি জগৎ তৈরি হয়েছে। বামন গ্রহ প্লুটোয় বরফের পৃথিবী।
২০০৬ সালে নাসার নিউ হরাজাইনস মহাকাশযান যাত্রা শুরু করে ২০১৫ সালে তা প্লুটোয় পৌঁছয়। প্লুটোর চারপাশে ঘুরতে থাকা উপগ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর দিকে নজর রাখতে শুরু করে নাসার এই মহাকাশযান। আর ছবি পাঠাতে থাকে পৃথিবীতে।












Click it and Unblock the Notifications