শীত কড়া নাড়ছে রাজ্যে, নামছে পারদ, আসছে ঠান্ডার আসল ছোঁয়া
বাংলাজুড়ে বইছে শীতের আমেজ। সকালবেলার কুয়াশা, সন্ধের পর হালকা হাওয়া, সব মিলিয়ে শীত যেন একেবারে দরজায় কড়া নাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা ও আশপাশের অঞ্চলে আপাতত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন নামতে পারে ১৮ ডিগ্রির কাছাকাছি। তবে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে কিন্তু ইতিমধ্যেই শীতের দাপট বেশ চেনা যাচ্ছে।
বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সব জেলায় পারদ নেমে গিয়েছে ১৭ ডিগ্রির নিচে। কোথাও কোথাও আবার ১৫ ডিগ্রিরও কমে ঠেকেছে রাতের তাপমাত্রা। আবহাওয়াবিদদের আশঙ্কা, চলতি সপ্তাহে এই জেলাগুলিতে পারদ আরও নামতে পারে ১৩ ডিগ্রির ঘরে। অর্থাৎ, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশেই এবার আগে আগে নেমে এসেছে শীতের হাতছানি।

গ্রামের সকালে শিশির, ক্ষেতের উপর ঝুলে থাকা কুয়াশা সবকিছুই এখন বলে দিচ্ছে, শীত এসে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কম থাকবে। কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা নেমে যেতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রির ঘরে। ফলে শহরবাসীকেও এবার ধীরে ধীরে মেলে ধরতে হবে কম্বল ও গরম কাপড়।
এদিকে, উত্তরবঙ্গে এখনই তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। কোথাও কোথাও হালকা কুয়াশা পড়লেও, বৃষ্টি নেই বললেই চলে। গোটা রাজ্যেই আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সব মিলিয়ে মোটের উপর বলা যায়, বঙ্গে শুরু হয়ে গিয়েছে শীত। দিন ফুরোলে ঠান্ডা হাওয়া, সকালে কুয়াশা বাংলার মানুষ যেন প্রস্তুত হচ্ছে শীতের মিষ্টি কাঁপুনিকে স্বাগত জানাতে।












Click it and Unblock the Notifications