মাও উপদ্রুত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে পশ্চিম মেদিনীপুর জেলার মাওবাদী উপদ্রুত এলাকা বলে পরিচিত এলাকায় ও আদিবাসী তফশিলি অধ্যুষিত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা সহ পরীক্ষাতে লেখার জন্য বোর্ড ও লেখন সামগ্রী তুলে দেওয়া হলো। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের পক্ষ থেকে এই বোর্ড তুলে দেওয়া হয়।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন যে এই জেলার ১০২৬ জন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে এই ধরনের বোর্ড তুলে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতেও এই ধরনের বোর্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জেলা পুলিশ জানায় যে কমিউনিটি ডেভলপমেন্ট করার জন্য একটা বিশেষ ফান্ড পাওয়া যায়। এছাড়াও আরও কিছু ফান্ড পাওয়া যায়। সেই ফান্ডের টাকাতেই এই বোর্ড দেওয়া হয়েছে।
এর পাশাপাশি জেলা পুলিশ জানিয়েছে যে পরীক্ষার সময়ে কোথাও মাইক বাজানো হচ্ছে বলে অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনী ব্যবস্থা নেওয়ার সঙ্গে ওই মাইক বা বক্স বাজেয়াপ্ত করা হবে। রবিবার এই ধরনের একটি অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
এছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে ও পরীক্ষা দিতে আসা বা ফিরে যাওয়ার সময় কোন ছাত্রীকে বিরক্ত করা হয়েছে এমন অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাত্রীকে উত্যক্ত করা হয়েছে এমন অভিযোগ জেলা পুলিশের মহিলাদের জন্য হেল্প লাইন নাম্বারে অভিযোগ জানানো যাবে ও পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করবে।












Click it and Unblock the Notifications