Weather Update: মহাষষ্ঠীতেও দুর্যোগের ভ্রুকুটি, প্যান্ডেল হপিংয়ে বেরোনোর আগে জেনে নিন আবহাওয়ার আপডেট
বৃষ্টি কিছুতেই থামছে না। মহাষষ্ঠীর বোধন আজ। কিন্তু বৃষ্টি মুক্ত হবে কি মহাষষ্ঠী। তাই নিয়ে উদ্বেগে রয়েছেন সকলে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতপর খুব একটা আশার কথা শোনাতে পারেনি। উল্টে মহাষষ্ঠীতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
মহাসপ্তমী পর্যন্ত বৃষ্টি থেকে মুক্তির তেমন কোনও আশা নেই। কাজেই সেজেগুজে প্যান্ডেল হুপিংয়ে বেরোনোর সময় সঙ্গে রাখতেই হবে ছাতা-রেন কোট। তবে ভারী বৃষ্টি হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এতে কিছুটা হলেও স্বস্তি। অন্তত রাস্তায় জল জমবে না। তাই ঠাকুর দর্শণে খুব একটা ব্যাঘাত ঘটাবে না বৃষ্টি।

১০ অক্টোবর অর্থাৎ মহাসপ্তমীর পর কিছুটা বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে অষ্টমী এবং নবমীতে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে তেমন বর্ষণের সম্ভাবনা নেই। তবে আবার দশমীকে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দুই ২৪ পরগনায়, হাওড়া, হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি পুজোর সময় বৃষ্টি চলবে।
অনেকেই আবার পুজোর সময় বেড়াতে চলে যান। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখন পর্যটকের ঢল। পাহাড়ের প্রায় সব পর্যটন কেন্দ্রই ভর্তি হয়ে গিয়েছে। এরই মাঝে আবার উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোর কটা দিন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।
দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তার পরের দিন অর্থাৎ শুক্রবার অষ্টমী এবং নবমীতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপরের দিন মহাদশমীতেও চলবে ঝড়-বৃষ্টি। কাজেই উত্তরবঙ্গেও পুজো এবার বৃষ্টি মুক্ত হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications