অভিষেক-আইপ্যাককে প্রকাশ্যে সমর্থনে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট? সৌগত রায়কে সতর্ক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের (Trinamool Congress) মধ্যে আইপ্যাক (IPAC) এবং প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিয়ে ফাটল আরও চওড়া। প্রকাশিত খবর অনুযায়ী, আইপ্যাকের সমর্থনে মুখ খোলায় ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে
তৃণমূলের (Trinamool Congress) মধ্যে আইপ্যাক (IPAC) এবং প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিয়ে ফাটল আরও চওড়া। প্রকাশিত খবর অনুযায়ী, আইপ্যাকের সমর্থনে মুখ খোলায় ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে (Sougata Roy)। লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) সৌগত রায়কে এব্যাপারে মুখ খুলতে মানা করেছেন বলেই খবর। যদিও ওই দুই নেতা এব্যাপারে কিছু বলতে অস্বীকার করেছেন।

প্রশান্ত কিশোরকে 'থ্যাঙ্ক ইউ' মমতার
৪ ফেব্রুয়ারি ১০৭ টি পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে ঘাসফুল শিবিরে বিভ্রান্তি চরমে ওঠে। তৃণমূলের সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজে ভিন্ন প্রার্থী তালিকা প্রকাশের দায় চাপানো হয় আইপ্যাকের ওপরে। পরের দিনই আইপ্যাকের তরফে বলা হয়, তারা এর পিছনে নেই। প্রকাশিত খবর অনুযায়ী এই সময়েই প্রশান্ত কিশোর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্সট মেসেজ পাঠিয়ে বলেন, বাংলা, ত্রিপুরা, মেঘালয়ে তারা তৃণমূলের সঙ্গে কাজ করতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায় জবাবে থ্যাঙ্ক ইউ বলে সূত্রের খবর। তখন থেকেই আইপ্যাকের সঙ্গে তৃণমূলের ভবিষ্যতে এগিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আইপ্যাককে সমর্থন সৌগত রায়ের
যদিও এতসব কিছু পরে গত মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় বলেন, আইপ্যাক তাঁর কাছে একমাস আগে নিজের এলাকার একটি প্রার্থী তালিকা চেয়েছিল। তিনি তা দিয়েছিলেন। এরপর সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায়রা চাওয়ার পরেই তিনি একই তালিকা দেন। তবে ভারতের রাজনীতিতে আইপ্যাকের অবদান সম্পর্কে বলতে গিয়ে সৌগত রায় বলেন, হত ৬০ বছরে তাঁর রাজনৈতিক জীবনে এমন কাজ দেখেননি। এই ক-বছরে অসাধারণ কাজ করেছে তারা। তৃণমূলের বিধানসভা জয়েও আইপ্যাকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে আইপ্যাকের, এই কথাও বলেন দমদমের তৃণমূল সাংসদ। তিনি আরও বলেন, আইপ্যাকে যাঁরা কাজ করেন, তাঁজের মধ্যে আইআইটি, আইআইএম-এর পাস আউটদের মতো উচ্চযোগ্যতা সম্পন্নরা রয়েছেন। সৌগত রায় জানিয়েছেন, নির্বাচনের সময় প্রতিদিন আইপ্যাকের তরফে সার্ভে করে দলের কাছে পাঠানো হয়েছিল। যা দেখেও দলীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেছিলেন আইপ্যাকের সঙ্গে চুক্তি ভেঙে গেলে অসুবিধাতো হবেই।

অভিষেককে সমর্থন সৌগত রায়ের
সৌগত রায় সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ব্যক্তি এক পদের নীতিকেও সমর্থন করেছেন। তৃণমূলের অনেকেই এই এক ব্যক্তি একপদের নীতির বিরোধী। জানুয়ারির শুরুর দিকে রাজ্যে দ্রুতগতিতে করোনা ছড়িয়ে পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যে আগামী দুমাস সব কিছু বন্ধ রাখা উচিত। সেই সময়ও সৌগত রায়কে বলতে শোনা গিয়েছিল অভিষেকের মন্তব্য দলেরই মন্তব্য।

সৌগত রায়কে সতর্ক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
জানা গিয়েছে, মঙ্গলবার সৌগত রায়ের সাক্ষাৎকারের পরে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে ডেকে কথা বলেন। সেই সময় আইপ্যাক নিয়ে মন্তব্য থেকে সৌগত রায় যাতে বিরত থাকেন, সেব্যাপারেও বলেন। প্রকাশ্যে মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানানো হয় সৌগত রায়কে। যদিও সৌগত রায় কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেউই এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে।












Click it and Unblock the Notifications