উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও ঝড়বৃষ্টির প্রভাব কাটেনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার থেকে কিছুটা কমলেও সম্পূর্ণ স্বস্তি মিলবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত দু'দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, যার ফলে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে।
আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে রবিবার থেকে রাজ্যের আবহাওয়া বদলাতে পারে। আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির নতুন পর্ব শুরু হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় রবিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের আরও বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

উত্তরবঙ্গের পাহাড় ও পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
এদিকে কলকাতায় শুক্রবার ও শনিবার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। মূলত পরিষ্কার আকাশ থাকলেও মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে। এই দু'দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে শুষ্ক আবহাওয়ার জেরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ও সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তখন থেকে মঙ্গলবার পর্যন্ত শহরেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৭১ থেকে ৯৪ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।












Click it and Unblock the Notifications