Suvendu Adhikari: শুভেন্দু বিজেপির রাজ্য় সভাপতি হচ্ছেন? মুখ খুললেন বিরোধী দলনেতা, মমতাকে 'অপদার্থ' বলে কটাক্ষ
Suvendu Adhikari: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। দিলীপকে নিয়ে জল্পনার মধ্যে বিজেপির অন্দরমহলে চর্চা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে।
সূত্রের খবর, বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। শুভেন্দু অধিকারীকে করা হতে পারে রাজ্য বিজেপি সভাপতি। আজ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখাও করেন শুভেন্দু-সুকান্ত।

বিজেপির রাজ্যস্তরে সাংগঠনিক রদবদলে তিনি বড় দায়িত্ব পাওয়ার প্রস্তাব দিল্লি থেকে পেয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু। তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে বলেন, সেটা আপনাকে বলতে যাব কেন? এটা মিডিয়ার চর্চার বিষয় নয়। আমি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করি। ইচ্ছা, অনিচ্ছার বিষয় নয়। দল যখন যে দায়িত্ব দেবে পালন করতে বাধ্য।
রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, বর্তমানে একটাই লক্ষ্য, বিধানসভার অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, খুন, রাহাজানি, মিথ্যাচারের কথা প্রতিদিন বিজেপি বিধায়কদের নিয়ে জনগণের সামনে তুলে ধরতে চাই। সিপিআইএম ও কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, পাটনা ও বেঙ্গালুরুর বৈঠকের পর ওদের আর অস্তিত্ব নেই।
শুভেন্দুর কথায় বাংলায় যাঁরা পরিবারবাদ, দুর্নীতি চান তাঁরা কোম্পানিতে থাকবেন। যাঁরা রাষ্ট্রবাদ, বিকাশবাদের পক্ষে তাঁরা বিজেপিতে থাকবেন। সিপিআইএম ও কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আমাদের সৌজন্যে পার্থ-কেষ্টরা জেলে যেতেই সিপিআইএম রাস্তায় নেমেছিল। ২০১১ সাল থেকে ২০১৬ অবধি ওরা ঘুমিয়ে কাটিয়েছে। বিরোধী দলনেতা কে ছিলেন তা কেউ জানতেন না।
শুভেন্দু আরও বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। নবান্ন অভিযান করে নির্মল পরিবেশ তৈরি করেছিলাম। কিন্তু বেঙ্গালুরুর বৈঠকের পর সিপিআইএম, কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে। ওদের নীচুতলার কর্মীরা আমাদের দলে আসছেন, ভবিষ্যতেও আসবেন।

মহরমের আগে মালদহের কালিয়াচক ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে মন্দির বাঁশ দিয়ে আড়ালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু। তিনি বলেন, মোদীজির শিক্ষায় আমরা সকলকে নিয়ে বিকাশের লক্ষ্যে কাজ করি, সকলের উন্নতিতে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের কথা ভেবে এই ঘটনা ঘটিয়ে সংখ্যালঘু-দরদী হিসেবে নিজেকে দেখাতে চেয়েছেন।
Another disreputable edition of the infamous Diamond Harbour Model.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 29, 2023
Temples have been barricaded in the Secular MP's Constituency for Muḥarram processions.
I wonder why the scales always get tilted one way, when Secularism is worn as an armband ? pic.twitter.com/xshb7lYjbw
মহরম কমিটি কোথাও মন্দির আড়ালের অনুরোধ করেনি। তা সত্ত্বেও নিত্যপুজো হয় এমন মন্দিরের সামনেও মোটা বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। এই ধরনের ঘটনা সনাতনীদের ক্ষোভের সঞ্চার করতে পারে স্বাভাবিকভাবেই। আমরা চাই রাজ্যে শান্তি-সম্প্রীতি বজায় থাকুন। উনি অপদার্থ পুলিশমন্ত্রী। ওঁর পুলিশে আস্থা নেই মানুষের। পাঞ্জাব, মণিপুরের পুলিশ এসে বাংলার গ্রাম পাহারা দিচ্ছে।
দুই হুমায়ুন কবীরকে নিয়ে অস্বস্তিতে তৃণমূল। শুভেন্দু বলেন, কর্পোরেট কোম্পানির স্টাইলে পরিবারবাদী পার্টি চললে যাঁর ন্যূনতম আত্মসম্মানবোধ, রাজনৈতিক সেন্স রয়েছে তাঁরা বেশিদিন সেখানে টিকতে পারবেন না। যাঁদের মেরুদণ্ডের সামান্য অবশিষ্ট রয়েছে তাঁরা পরিবারবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। যাঁরা ভাতাজীবীদের মতো শরীর থেকে মেরুদণ্ড খুলে আলমারিতে রেখেছেন তাঁরা চাকরবৃত্তি করবেন।












Click it and Unblock the Notifications