তৃণমূল বিধায়ক দুলাল দাসের ফার্ম হাউস সংস্কারে জেলা প্রশাসন! সরকারি নির্দেশিকা দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু
তৃণমূল বিধায়ক দুলাল দাসের ফার্ম হাউস সংস্কারে জেলা প্রশাসন! সরকারি নির্দেশিকা দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় এবার মহেশতলা পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক দুলাল দাস। শুভেন্দু অধিকারীর অভিযোগ, যে সময় সরকার অর্থের অভাবে ডিএ দিতে পারছে না, নিয়োগে ব্যর্থ, সেই সময় সরকারি অর্থে দুলাল দাসের বেসরকারি রিসর্টের সংস্কার করা হচ্ছে। যদিও দুলাল দাস শুভেন্দু অধিকারীর অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

উত্তরবঙ্গ সফরে মালবাজারে মুখ্যমন্ত্রী
১৭ অক্টোবর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বিশেষ বিমানে হাসিমারায় যাবেন। সেখান থেকে যাবেন মালবাজারে। সেখানেই রাতে থাকবেন। ১৮ অক্টোবর তিনি মালবাজারে হড়পা বানে ভেসে মৃত্যু হওয়া হতভাগ্যদের পরিবারগুলির সঙ্গে কথা বলবেন। সেখানে তিনি সরকারি সভাও করতে পারেন। এজন্য মাল আদর্শ বিদ্যাভবনের সভাঘর বাছাই করা হয়েছে। সরকারি সভা হলে তা করা হবে স্কুলের মাঠে। এব্যাপারে পরিকাঠামো তৈরির কাজ চলছে।

তেসিমলায় খামার বাড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ অক্টোবর মালবাজারে তেসিমলায় একটি খামার বাড়িতে থাকবেন। খাবার বাড়িটি তৃণমূল বিধায়ক তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের। গত শুক্রবার ১৪ অক্টোবর জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু এবং পুলিশ সুপার দেবর্ষি দত্ত ওই খামার বাড়ি পরিদর্শন করেছেন।

সরকারি টাকায় খামার বাড়ি সংস্কারে অভিযোগ
গত ১৪ অক্টোবর জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলাশাসক পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সরকারি নির্দেশিকা পাঠিয়ে খামার বাড়ি সংস্কারের নির্দেশ দিয়েছেন। সরকারি সেই নির্দেশিকায় বলা হয়েছে ১৭ ও ১৮ অক্টোবর ভিভিআইপি মালমাজার সফর করবেন। সেই কারণে তেসিমলায় যেখানে থাকার বন্দোবস্ত করা হয়েছে, সেখানে সীমানা সংস্কার করতে হবে। সেখানকার রাস্তা সংস্কার করতে হবে। সেখানে জলের পাম্প ঠিক আছে কিনা দেখতে হবে। ফার্ম হাউজের জানালায় নেট লাগানোর কথাও বলা হয়েছে সেই নির্দেশিকায়। সব মিলিয়ে সেই ফার্ম হাউজকে সাজিয়ে গুছিয়ে তুলছে প্রশাসন।
|
শুভেন্দু অধিকারীর নিশানায় সরকার
এব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন যেখানে সরকার অর্থের অভাবে সরকারি কর্মীদের ডিএ দিতে পারছে না, রাস্তা সারাই করতে পারছে না, চাকরির সুযোগ তৈরি করতে পারছে না, সেই সময় সরকারি অর্থে তৃণমূল বিধায়ক দুলাল দাসের রিসর্ট সাজানো হচ্ছে সরকারি টাকায়। যে সময় লক্ষ লক্ষ সরকারি চাকরির পদ ফাঁকা রয়েছে, সেই সময় এই ব্যয় কি ন্যায় সঙ্গত, প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।

অভিযোগ উড়িয়েছেন দুলাল দাস
এব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে মিথ্যা বলে উড়িয়েছেন তৃণমূল বিধায়ক দুলাল দাস। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী সেখানে থাকার জন্য যেসব ব্যবস্থা করার কথা তা জেলা প্রশাসন করছে। সেখানে তাঁর কিছুই করার নেই।












Click it and Unblock the Notifications