রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই জাল? কারা করল এমন কাজ?
খোদ রাজ্যের মন্ত্রীর সই জাল! শুধু সই নয়, মন্ত্রীর প্যাডও নকল। আর তাই দিয়েই রেলের রিজার্ভেশনের চেষ্টা! এমনই অভিযোগ সামনে এল। পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে? কোন তৃণমূল নেতা - মন্ত্রীর সই জাল করা হল? ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়। তিনি দীর্ঘদিন ধরে মধ্য হাওড়া বিধানসভার মন্ত্রী৷ রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী। সেই অরূপ রায়ের সই জালের কথা সামনে এসেছে৷ মন্ত্রীর নামে নকল প্যাডও তৈরি হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, 'জাল' প্যাডে সই এবং স্ট্যাম্প 'জাল' করা হয়েছে। কোনও এক ব্যক্তি তার মাধ্যমে রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানিয়েছেন। হাওড়ার স্থানীয় তৃণমূল নেতাদের কাছে এই খবর যায়। তারা সেই আবেদন সংগ্রহ করেন। অরূপ রায়ের সই নকল। প্যাডটিও আসল নয়৷ তারা ধরে ফেলেন।
কালবিলম্ব না করে বুধবার রাতে হাওড়ার শিবপুর থানায় তৃণমূল কংগ্রেসের মধ্য হাওড়ার যুব সভাপতি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, কোনও অসাধুচক্র এই কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বার করুক।
তাঁর অভিযোগ, খোদ রাজ্যের মন্ত্রীর প্যাড, সই এবং স্ট্যাম্প জাল করে রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানানো হচ্ছে। এর পিছনে অবশ্যই কোনও অসৎ উদ্দেশ্য বা অসাধু চক্র রয়েছে। এই কারণেই বুধবার রাতে শিবপুর থানায় একটি এফআইআর করা হয়েছে।
কিন্তু কীভাবে ধরা গেল, সেগুলি জাল? জানা গিয়েছে, মন্ত্রীর প্যাডে একটি রেফারেন্স নম্বর থাকে। ওই কাগজে কোনও রেফারেন্স নম্বরের উল্লেখ নেই। মন্ত্রীর বাড়ির ঠিকানা লেখা হয়েছে। সেই ঠিকানার বানানও ভুল লেখা হয়েছে। তাতেই গোটা বিষয়টি সামনে চলে আসে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করেন দলের মধ্য হাওড়ার সহ সভাপতি। তিনি জানান, রেলওয়ে সূত্র মারফত জানা যায় এরকম 'জাল' প্যাড ব্যবহার করে একাধিক আবেদন আসছিল। এরপরই গতকাল খোঁজ নিয়ে থানায় এফআইআর করা হয়। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে অপরাধীদের শাস্তি দাবি করা হয়েছে। মন্ত্রী অরূপ রায়ও বিষয়টি জানেন।
তৃণমূল দল এবং রাজ্যের মন্ত্রীকে কালিমালিপ্ত করতে এটা চক্রান্ত করা হয়েছে। এমন দাবিও করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications