উত্তরবঙ্গ থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী, মমতার সঙ্গে শোভন-বৈশাখীর বৈঠক ঘিরে কামব্যাকের চর্চা
উত্তরবঙ্গ সফর সেরে আজই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দমদম বিমানবন্দরে তিনি এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
এরই মধ্যে রাজ্য-রাজনীতি ফের সরগরম শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে। উত্তরবঙ্গে মমতার সঙ্গে শোভনের দুই ঘণ্টা বৈঠক হয় বলেই খবর।

গত মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের পর শোভন জানিয়েছিলেন, অভিষেকের সঙ্গে নানা বিষয়ে কথা হলো। তিনি সন্তুষ্ট। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে তাঁর সঙ্গেও দেখা করবেন। দল চাইলে সেইমতো কাজ করার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন বলেও জানান শোভন। বৈঠক যে খুব সদর্থক, সংবাদমাধ্যমে সেই বার্তা দেন বৈশাখীও।
উত্তরবঙ্গে বিপর্যয়ের পর ত্রাণ ও পুনর্গঠনের কাজ দেখতে, ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আচমকাই গতকাল সকালের বিমানে উত্তরবঙ্গে পৌঁছন শোভন-বৈশাখী। তারপর রিচমন্ড হিলে তাঁরা বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। রাজনৈতিক মহলের ধারণা, প্রথমে অভিষেক এবং এবার মমতার সঙ্গে বৈঠকের পর শোভনের সক্রিয় রাজনীতিতে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। আর সেটা হতে পারে কালীপুজোর পরেই।
২০১৯ সালে মেয়র ও মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শোভন। সেই সময় মমতার বিরুদ্ধে সরব হন। কিন্তু ২০২১ সাল থেকে পরিস্থিতি বদলায়। বিজেপির প্রতি মোহভঙ্গ হয় শোভনের। মাঝে কিছুটা দূরত্ব বাড়লেও মমতার কাছে ভাইফোঁটা নিতে যান শোভন। গতবারও গিয়েছিলেন। সামনেই কালীপুজো, ভাইফোঁটা। তার আগে মমতার সঙ্গে শোভনের বৈঠক। আগামী বছর বিধানসভা নির্বাচনও রয়েছে। মমতা ও শোভন-বৈশাখীর মধ্যে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও রাজনৈতিক মহল নিশ্চিত, রাজনীতি নিয়ে কথাবার্তা হয়েছে। শোভনকে তৃণমূল বিধানসভা নির্বাচনে প্রার্থী করে কিনা, নাকি কলকাতা পুরসভায় মেয়র পদে বদল আনে তা নিয়ে চলছে নানাবিধ চর্চা।












Click it and Unblock the Notifications