সোনা পাপ্পু গ্রেফতার, দীর্ঘ জেরার পর বিশ্বজিৎ পোদ্দারকে হেফাজতে নিল ইডি
দীর্ঘ দশ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করল সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারকে। সোমবার রাত ন'টার পর বয়ানে অসঙ্গতি ও তথ্য গোপনের অভিযোগে কেন্দ্রীয় সংস্থা এই পদক্ষেপ নিয়েছে। জমি দুর্নীতি এবং প্রতারণা-সহ একাধিক গুরুতর মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সোনা পাপ্পু গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি কাণ্ডের পর থেকেই পলাতক ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে সোমবার সকালে সে সস্ত্রীক সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডি দফতরে হাজির হয়।

ইডি দফতরে পৌঁছনোর পর পরই সোনা পাপ্পুকে টানা জেরা করা হয়। অভিযোগ ওঠে, জিজ্ঞাসাবাদের সময় সে তথ্য গোপনের পাশাপাশি তার বয়ানে অনেক অসঙ্গতি দেখা যায়। এর আগে পাঁচবার সমন পাঠানো হলেও সোনা পাপ্পু ইডি দপ্তরে হাজিরা দেয়নি, ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারত।
উল্লেখ্য, এই মামলার তদন্তে ইডি এর আগে কলকাতার প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা এবং প্রোমোটার জয় কামদারকে গ্রেফতার করেছে। শান্তনু সিনহার গ্রেফতারের পরপরই সোনা পাপ্পুর ইডি দপ্তরে হাজির হওয়া নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, পুলিশ কর্তার গ্রেফতারের পর সোনা পাপ্পু হয়তো আর গা ঢাকা দেওয়ার কোনো ভরসা পাচ্ছিল না।
তদন্তকারীদের কাছে খবর ছিল, গ্রেফতার এড়াতে সোনা পাপ্পু ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন। তবে ইডির জেরার মুখে এই আলোচিত ব্যক্তি দাবি করেন, তিনি বাড়িতেই ছিল এবং কোথাও লুকিয়ে ছিল না। এই তথ্য ইডি সূত্রেই জানা গেছে।












Click it and Unblock the Notifications