দোষীসাব্যস্ত ধর্মগুরু রামরহিমের ভক্তদের বিশৃঙ্খলার আঁচ ছড়াল বাংলাতেও
রামরহিম সিংকে দোষীসাব্যস্ত করার পর থেকেই জ্বলছে হরিয়ানা-সহ উত্তর ভারত। এবার তার পরোক্ষ প্রভাব পড়ল বাংলাতেও।
ধর্ষণ মামলায় স্বঘোষিত ধর্মগুরু রামরহিম সিংকে দোষীসাব্যস্ত করার পর থেকেই জ্বলছে হরিয়ানা। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে পঞ্জাব, রাজস্থান, দিল্লিতেও। এই বিশৃঙ্খলার আঁচ ছড়িয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও। এবার তার পরোক্ষ প্রভাব পড়ল বাংলাতেও।

বিশেষ করে প্রভাব পড়ছে বাংলার রেল যোগাযোগের উপর। শনিবার হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে হরিয়ানা-সহ উত্তর ভারতের এই বিশৃঙ্খল পরিস্থিতির জেরে। বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কমানো হয়েছে যাত্রাপথও। পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের সময়সূচিরও।
পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, চারটি ট্রেন এদিন বাতিল করা হয়েছে। আপ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, আপ হাওড়া-অমৃতসর এক্সপ্রেস, আপ হাওড়া-শ্রীগঙ্গানগর উদয়ন আভা তুফান ও আপ কলকাতা-অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস এদিন বাতিল করা হয়।
বেশ কিছু ট্রেন শুক্রবার রওনা দিয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছতে পারেনি। সেই ট্রেনগুলির যাত্রাপথ এদিন কমিয়ে দেওয়া হয়েছে। যাত্রাপথ কমিয়ে দেওয়া ট্রেনগুলি হল হাওড়া-অমৃতসর এক্সপ্রেস, হাওড়া-অমৃতসর মেল ও হাওড়া কালকা মেল। এছাড়া শিয়ালদহ থেকে আজমেঢ় এক্সপ্রেসের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। শুক্রবার রাত ১১টা ৫-এর পরিবর্তে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়েছে।

এদিকে উত্তরবঙ্গ বন্যার কারণেও বাতিল থাকা তিন জোড়া ট্রেন চালু করা হয়েছে শুক্রবার। সেগুলির গতিপথ পরিবর্তন করা হয়েছে। কমিয়েও দেওয়া হয়েছে গন্তব্য। আপ ও ডাউন কলকাতা-বালুরঘায়-কলকাতা তেভাগা এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস এবং আপ ও ডাউন মালদা কোর্ট-বালুরঘাট-মালদা কোর্ট প্যাসেঞ্জারের গতিপথ পরিবর্তন করে চালানো হচ্ছে। গন্তব্যপথও পরিবর্তন করা হয়।












Click it and Unblock the Notifications