লোকালের পরিবর্তে প্ল্যাটফর্ম দিয়ে হুশ করে বেরিয়ে গেল গ্যালপিং, বিক্ষোভে তপ্ত খড়দহ স্টেশন
ঘোষণা হল দু'নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ডাউন ব্যারাকপুর লোকাল। সেই ট্রেন আর দাঁড়াল না। বেরিয়ে গেল গ্যালপিং হয়ে। সেই ভুল ঘোষনার প্রতিবাদে বিক্ষোভে সামিল খড়দহ স্টেশনের নিত্যযাত্রীরা।
কলকাতা, ১৮ অক্টোবর : ঘোষণা হল দু'নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ডাউন ব্যারাকপুর লোকাল। সেই ট্রেন আর দাঁড়াল না। বেরিয়ে গেল গ্যালপিং হয়ে। ট্রেন চলে যাওয়ার পর যাত্রীরা জানতে পারলেন ওটা ব্যারাকপুর লোকাল নয়, গেদে গ্যালপিং লোকাল গেল দু'নম্বর দিয়ে। ভুল ছিল ঘোষণায়।
এই ভুল ঘোষণার প্রতিবাদেই বিক্ষোভের আগুন জ্বলছে খড়দহ স্টেশনে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে অবরোধ। পুলিশ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছেও বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ। যাত্রীদের প্রশ্ন, এই ভুল ঘোষণা বড়সড় বিপদ ডেকে আনতে পারত। কেন এই ধরনের গাফিলতি? তার জবাব দিতে হবে।

ডাউন ব্যারাকপুর লোকালের নির্দিষ্ট সময় সকাল ৮টা ৩০। ট্রেনটি দু'নম্বর প্ল্যাটফর্মে আসছে বলে ঘোষণা করা হয়।
যাত্রীরা সেভাবেই ট্রেনে ওঠার জন্য ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন। কিন্তু, ট্রেনটি না দাঁড়িয়ে দ্রুত গতিতে স্টেশন ছেড়ে চলে যায়। অফিস টাইমে তখন যাত্রী গিজগিজ করছে স্টেশনে। যাত্রীরা কোনওমতে পিছনে সরে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
আসলে ওই সময়ে ব্যারাকপুর লোকালের পরিবর্তে গ্যালপিং গেদে লোকাল এসেছিল। কী করে এই ভুল হল রেল কর্তৃপক্ষের, তা জানতে চান যাত্রীরা। যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্টেশন মাস্টারের শাস্তির দাবি করেন যাত্রীরা। শুরু হয় অবরোধ। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। আরপিএফ, জিআরপি-র বিশাল বাহিনী নামানো হয়।












Click it and Unblock the Notifications