Panchayat Election 2023: তৃণমূলকে কি হারাতে পারবে বিরোধীরা, স্পষ্ট ইঙ্গিত জনমত সমীক্ষায়
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বিজেপির। তবু পরবর্তী নির্বাচনগুলিতে সিপিএম বা বামফ্রন্ট ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিয়ে বিরোধীরা জয়ের কড়ি জোগাড় করতে তৎপর।
এবার কি তৃণমূলকে হারাতে পারবে বিরোধীরা, স্পষ্ট ইঙ্গিত মিলল সি ভোটারের জনমত সমীক্ষায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে প্রথম সমীক্ষায় আভাস মিলল, বিরোধীরা সার্বিকভাবে না হলেও বেশ কিছু জেলায় এবার ছাপ ফেলতে পারে। এবার আর একতরফাভাবে নাও জিততে পারে তৃণমূল।

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ২০টি জেলা পরিষদই দখল করেছিল তৃণমূল। কিন্ত এবার সমীক্ষা কিন্তু অন্য কথা বলছে। বিরোধীরা এবার কয়েকটি জেলায় তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে। এমনকী ক্ষমতা উল্টেও দিতে পারে। এমনই আভাস মিলছে সি ভোটারের জনমত সমীক্ষায়।
সি ভোটার যে জনমত সমীক্ষা সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে, বিরোধীরা অন্তত তিনটি জেলায় চমকপ্রদ ফলাফল করতে পারে। এই সমীক্ষা অনুযায়ী হারিয়েও দিতে পারে তৃণমূলকে। বাম-কংগ্রেস জোট ধরে এই সমীক্ষা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ১০০ শতাংশ সাফল্যে থাবা বসাচ্ছেন বিরোধীরা।
এই সমীক্ষা অনুযায়ী প্রথমেই নাম আসবে কোচবিহারের। সি ভোটারের সমীক্ষায় যেমন আভাস মিলিছে, তা অনুযায়ী কোচবিহারে ৩৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে ১৯টি আসন। আর বিজেপি পেতে পারে ১৫ থেকে ১৯টি আসনয আর বাম-কংগ্রেস জিততে পারে একটি আসনে।

আবার মুর্শিদাবাদ জেলা পরিষদের ভোট ফলাফলেও এবার চমক থাকতে পারে। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হারের পরে প্রথম এই ভোট হচ্ছে। এবারের ভোটে মুর্শিদাবাদের ৭৮টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে ৩৩ থেকে ৪৩টি আসন। বিজেপি এখানে খাতা নাও খুলতে পারে।

আবার পুরুলিয়াজেলা পরিষদে এবারও কড়া টক্কার হতে পারে। ৪৫টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২৩ থেকে ৩৩টি আসন। আর বিজেপি পেতে পারে ৫ থেকে ১১টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ৫ থেকে ৯টি আসন।

তেমনই জলপাইগুড়িতেও কাঁটে কা টক্কর। ২৪ আসনের মধ্যে ১০ থেকে ১৪টি পেতে পারে তৃণমূল। বিজেপি থেকে পেতে পরে ৯ থেকে ১৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট হিসেবে পেতে পারে সর্বোচ্চ ২টি আসন।
আলিপুরদুয়ারেও ১৮ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫ থেকে ৯টি আসন। বিজেপি পেতে পারে ৮ থেকে ১২টি আসন। বাম-কংগ্রেস পেতে পারে বড়োজোর একটি আসন। মার্জিন অফ এরর ৫ শতাংশের এই সমীক্ষা এবার মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে তৃণমূলের। অন্য জেলাগুলিতে অবশ্য তৃণমূলেরই প্রাধান্য।












Click it and Unblock the Notifications