এখন আর কলকাতা নয়, গোটা বাংলার রাতের দখল নেবে মেয়েরা, রাজ্যজুড়ে কর্মসূচি
সিবিআই আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রতিদিন ক্ষোভ দানা বাঁধছে। পুঞ্জিভূত ক্ষোভ এবার আরও বড় আকার নেওয়ার অপেক্ষা। রাত পোহালেই ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবসের সময় সন্ধিক্ষণে আন্দোলন শুরুর অপেক্ষা।
কলকাতার রাজপথে আজ নামবেন মহিলা সমাজ৷ বিভিন্ন বয়সের মহিলা আজ বুধবার পথে নামার আহ্বান জানিয়েছেন। নারী নিরাপত্তার অঙ্গীকার, আরজি করের ঘটনায় দোষীদের সঠিক শাস্তির দাবি তোলা হবে। সোশ্যাল মিডিয়ার প্রচারিত এই আন্দোলন আরও বড় আকার নিচ্ছে। শহর কলকাতা কেবল নয়, আরও বহু দূরদূরান্ত থেকে এই কর্মসূচি সংগঠিত করার বার্তা আসতে শুরু করেছে।

' মেয়েরা রাত দখল করো ' কর্মসূচির সূত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। শুরুতে মাত্র তিনটি জায়গা যাদবপুর, একাডেমি চত্বর, কলেজ স্ট্রিটে এই কর্মসূচির আহ্বান করা হয়েছিল। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদ। পাশাপাশি নারী নিরাপত্তার দাবিতে মেয়েদেরই এগিয়ে আসা, প্রতিবাদের বার্তার জন্য এই কর্মসূচি নেওয়া হয়।
কিন্তু দেখা যায়, দিন কয়েকের মধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝড় ওঠে৷ বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের বার্তা আসতে থাকে৷ জায়গায় জায়গায় ছড়িতে পড়ে এই ঢেউ৷ আর তাই এখন গণবিপ্লবের জায়গায় আসার অপেক্ষা৷ কলকাতার বিভিন্ন জায়গা তো বটেই, রাজ্যের বিভিন্ন অংশে এই কর্মসূচি করা হবে।
উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় প্রতিবাদ হবে৷ জেলার বিভিন্ন জায়গাতেও এই প্রতিবাদ চলবে৷ বনগাঁ, রাণাঘাট, অশোকনগর, বারাসত, মধ্যমগ্রাম, বিরাটি সহ একাধিক জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং মালদহ প্রায় সব জেলাতেই এই কর্মসূচি বলে খবর৷
বহু নামীদামি ব্যক্তিত্বরাও এই কর্মসূচিতে সামিল হচ্ছেন। নাটক, গান, কবিতা, টেলিভিশন জগতের বিশিষ্টরা সমবেত হবেন। এই কথা তারা নিজেদের ফেসবুকে লিখছেন। এখন আর কলকাতার রাজপথ নয়, বাংলার রাজপথ দখল করবে মেয়েরা। এই আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications