আরজি করের নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলা হয়নি, নবান্নে চ্যালেঞ্জ মমতার
আরজি কর কাণ্ডে এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা। রাজ্য রাজনীতিতে ক্রমাগত ঝড় উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও নিশানা করছেন বিরোধী রাজনৈতিক নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি চ্যালেঞ্জ করলেন মৃতার পরিবারের উদ্দেশ্যে। প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি।
১০ লক্ষ টাকা দেওয়া যেতে পারে মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে। সেই নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল। গত ১৪ আগস্ট সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই আরজি কর ঘটনায় টাকার প্রসঙ্গ উঠেছিল মুখ্যমন্ত্রীর কথায়।

এদিন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মৃতার পরিবারকে। কোনও টাকার কথা বলা হয়নি। কোথায় টাকার কথা বলা হয়েছে? সেই প্রমাণ দিতে হবে। জোর গলায় এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সোমবার রীতিমতো এই ঘটনায় সুর চড়িয়েছেন তিনি। এই বক্তব্য তিনি যখন রাখলেন, সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আরজি কর মামলার শুনানি চলছে।
নির্যাতিতার মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে মুখ্যমন্ত্রী ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন! এই কথা রাজ্যের রাজনীতিতে ছড়িয়ে পড়েছিল। বিরোধীরা রীতিমতো এই বক্তব্য ঘিরে জোর সওয়াল তুলেছিলেন। রাজ্যের মেয়ের দাম ১০ লক্ষ টাকা। সেই প্রশ্ন তোলা হয়। কীভাবে মুখ্যমন্ত্রী এমন কথা বলতে পারেন? জনমানসেও সেই প্রশ্ন উঠতে থাকে।
মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। পরিবার কোনও সরকারি ক্ষতিপূরণ নেবে না। এই দাবি করেছেন নির্যাতিতার পরিবার। মৃতার বাবা মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশও করেছিলেন। তাই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার সেই প্রসঙ্গে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। নিজের সেই বক্তব্যের প্রেক্ষিতে জোর সওয়াল করলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, " পরিবারকে কোনও টাকার কথা বলা হয়নি। মেয়ের স্মৃতিতে ভালো কাজ করতে হলে বলবেন। এই কথা বলেছিলাম। প্রমাণ দিতে হবে, কোথায় টাকার কথা বলা হয়েছে।" অর্থাৎ সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে? সেই প্রসঙ্গ উঠল এবার।












Click it and Unblock the Notifications