Lok Sabha Election 2024:ছাপ্পা ভোট থেকে প্রার্থীর গাড়ি ভাঙচুর ঘটনা বহুল চতুর্থদফা, ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ
একাধিক জায়গায় অশান্তির আবহেই শেষ হল বাংলায় চতুর্থ দফার ভোট। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ। এমনই পরিসংখ্যান দিয়েছে নির্বাচন কমিশন। সর্বাধিক ভোট পড়েছে কেষ্টর গড় বোলপুুরে। সেখানে ভোটের হার ৭৭.৭৭ শতাংশ। তারপরেই রয়েছে রানাঘাট এবং বর্ধমান পূর্ব।
রানাঘাট কেন্দ্রে ভোট পড়েছে ৭৭. ৪৬ শতংশ আর কৃষ্ণনগরে ভোট পড়েছে ৭৭.২৯ শতাংশ। এর পরে রয়েছে বীরভূম এবং বহরমপুর কেন্দ্র। বীরভূমে ভোট পড়েছে ৭৫.৪৫ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ৭৫.৩৫ শতাংশ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট পড়েছে ৭৫.০২ শতাংশ। তারপরে রয়েছে আসানসোল সেখামনে ভোট পড়েছে ৬৯. ৪৩ শতাংশ।

সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছিল ভোট গ্রহণ। কিন্তু ৮টার পর থেকেই একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে। বিশেষ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আলতে শুরু করে। বেলা যত গড়িয়েছে অশান্তি তত বে়ড়েছে। অধীরের গড় বহরমপুরেও একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে।
সকাল থেকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের একাধিক জায়গায় বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আসতে শুরু করেছিল। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন। মন্তেশ্বরে ঢোকা মাত্রই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সঙ্গে সঙ্গে হামলা চালানো হয় তার কনভয়ে। একটি গাড়ি ভাঙচুর করা হয়।
বিকেলের দিকে আবার কালনাগেটে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা চালানো হয়। তাঁর এসকর্ট গাড়ি ভাঙচুর করা হয় । দুই নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়ছে। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। শুধু দিলীপের উপরেই একের পর এক হামলা নয়। বহরমপুরেও একাধিক ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।
এদিকে কেষ্টর অনুপস্থিতিতে এক কথায় নির্বিঘ্নেই ভোট হয়েছে বোলপুরে। সকাল থেকে বীরভমের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। কিন্তু তেমন বড় কিছু ঘটেনি। কৃষ্ণনগর এবার হাইভোল্টেজ কেন্দ্র ছিল সেখানেও তেমন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র সকাল থেকেই বুথে বুথে ঘুরেছেন। রানাঘাটে বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের উপর ভোট শান্তিপূর্ণ ছিল বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications