লোকসভা ভোটের প্রেক্ষাপটে ঘাটালের রাজনৈতিক মানচিত্র একনজরে
পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ঘাটাল। আজ আমরা কথা বলব এই ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে। এলাকার সাংসদ বাংলার সুপারস্টার দেব।
পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ঘাটাল। আজ আমরা কথা বলব এই ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে। এলাকার সাংসদ বাংলার সুপারস্টার দেব। যিনি দীপক অধিকারী নামে তৃণমূলের টিকিটে রীতিমত লড়াই করে জিতে নিয়েছেন বামেদের এককালের পোক্ত ঘাঁটি ঘাটাল। কেশপুরের জন্মালেও দেবের জীবনের একটা বড় অংশ কেটেছে মুম্বইতে। তারপর বাংলা চলচ্চিত্র জগতে যোগ। আর লাইমলাইটে আসতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন দেব ।

ঘাটাল কেন্দ্র সম্পর্কে তথ্য
ঘাটাল লোকসভা কেন্দ্র এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্যতম প্রাসঙ্গিক জায়গা। একদিকে তৃণমূল সাংসদ তথা বাংলার মেগাস্টার দেবের জনপ্রিয়তা। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসাবে বিজেপির তরফে লড়ছেন দাপুটে আইপিএস তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের একসময়ের ঘনিষ্ঠ পুলিশ কর্মী ভারতী ঘোষ। অন্য়দিকে সিপিএমের তরফে রয়েছেন তপন গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে রীতিমত তপ্ত ঘাটাল লোকসভা আসনটি।

দেবকে ঘিরে তথ্য
একনজরে দেখে নেওয়া যাক অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা দেবকে ঘিরে কিছু রাজনৈতিক পরিসংখ্যান। সংসদে দেবের উপস্থিতির হার মাত্র ১০ শতাংশ । পরিসংখ্যান বলছে, ৩৫ বছর বয়সী দেব এ পর্যন্ত প্রশ্ন উত্তর পালায় সংসদে ৩ টি প্রশ্ন তুলে ধরেন। জনপ্রিয় এই সাংসদ ঘাটালের ভয়াবহ বন্যা থেকে উন্নয়নের বিভিন্ন কাজে বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন।

ঘাটালের রাজনৈতিক মানচিত্র
উল্লেখ্য, একটা সময় ঘাটাল জুড়ে কেবলই উড়তে দেখা যেত বামেদের বিজয় নিশান। সেখানে এখন দিকে দিকে চোখ রাখলেই দেখা যায় তৃণমূলের পতাকা। পাঁশকুড়া, সবং, পিংলা, ডেবরা, কেশপুর সহ একাধিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে এই ঘাটাল লোকসভা কেন্দ্র। জনপ্রিয় নেতা ডক্টর মানস ভুঁইয়া ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে দেবের বিরুদ্ধে লড়াই করেন। এরপর গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল। বর্তমানে সেই মানস ভুঁইয়া তৃণমূলের অন্যতম নেতা। ২০১৪ সালের সেই নির্বাচনে দেব তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিএমের সন্তোষ রানাকে ২ লাখের কিছু বেশি ভোটে হারিয়ে দেন। ব্যালটের লড়াইটা একটা পর্যায়ে গিয়ে রুদ্ধশ্বাস হয়ে উঠেছিল সেইবার। তবে রাজনৈতিক সমীকরণ প্রায়ই পাল্টায়। আর সেই পাল্টে চলা সমীকরণের হিসেব নিকেশ আবারও ২০১৯ সালের নির্বাচনের আগে উস্কে যাচ্ছে। ঘাটাল কেন্দ্রের ২ কোটিরও বেশি বাসিন্দার সামনে আরও একবার ভোট! যে বাসিন্দাদের বেশিরভাগজনই গ্রামাঞ্চলে থাকেন। বহু রাজনৈতিক প্রতিশ্রুতি, আশা , ভরসা নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল কোন রাজনৈতিক রঙে নিজেকে রাঙিয়ে নেবে , তা নির্ভর করছে ভোটদাতাদের উপর।












Click it and Unblock the Notifications