বাড়ি থাকলে তো দরজা খুলবে? অভিষেককে পালটা কটাক্ষ করলেন দিলীপ ঘোষ
অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক সময়ে দরজা খোলার কথা বলেছিলেন। তারই পালটা আজ বৃহস্পতিবার দিলেন দিলীপ ঘোষ। বাড়ি থাকলে তো দরজা খুলবে। কটাক্ষ করলেন দিলীপ। এসএসসি মামলার রায় পরবর্তী অবস্থা সম্পর্কেও মন্তব্য করেছেন বিজেপি নেতা।
"বাড়ি থাকলে তো দরজা খুলবে? বাড়ি ঘর দরজা খুলে খুলে যাচ্ছে। কবে আর তুমি খুলবে? হুড়কো খুলে যাচ্ছে। দরজা খুলবে!" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন সকালে পালটা কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এদিন সকালে নিউ টাউনে প্রাতঃভ্রমণে এসেছিলেন দিলীপ ঘোষ।

"আমরা বারবার বলেছি দুর্নীতি হয়েছে। সেটা বিধিবদ্ধ ভাবে প্রমাণিত না হলে কোর্ট কিছু করতে পারে না। কোর্ট চাপ দিয়েছে। মানুষ তাকিয়ে আছে। আমরা বলেছি। তারই পরিণামে আজ ২৬ হাজার চাকরি গিয়েছে। এদের অনেকেই পরীক্ষা না দিয়ে বা পাশ না করেই চাকরি করছিল। একটা জটিল সমস্যা। এর সমাধান আদালতকে করতে হবে।" এসএসসি রায়ের পরবর্তী অবস্থা সম্পর্কে মন্তব্য দিলীপ ঘোষের।
দুর্নীতির পাহাড় হয়ে গিয়েছে। সময় লাগবে। কিন্তু ঠিক রাস্তায় ব্যাপারটা এগোচ্ছে। জোর গলায় এদিন মন্তব্য করলেন বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুরে সভা করেছেন। সেই বিষয়ে খোঁচা দিয়েছেন দিলীপ।
" আমার গড় থেকে চলে এসেছেন। এবার গড়ে গড়ে ঘুরছেন। ওনার নিজের গড় কোথায়? ওনার কষ্ট আমরা বুঝি। আর কোনও নেতা নেই, যাকে মানুষ বিশ্বাস করবে। ওনার চেহারাটা এখনও একটু পরিষ্কার আছে। সেটা দেখিয়ে ভোট টানার চেষ্টা।" মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
মুর্শিদাবাদে কি ভোট পিছিয়ে যাবে? সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওই জেলায় কোনও আইনশৃঙ্খলা আছে? নির্বাচন কমিশন দেখছে সবটা। প্রশাসন এখন তাদের হাতে। সব কিছু করার অধিকার এখন তাদের হাতে আছে। যারা গোলমাল পাকাচ্ছে তাদের তুলে নেওয়া হোক। ভিডিও আছে তো। দেখা যাচ্ছে তো ওদের।












Click it and Unblock the Notifications