'বিএলও যাচ্ছে বাড়ি বাড়ি, দুই খান ফর্ম...'! SIR নিয়ে গান বাঁধলেন লোকশিল্পীরা, মুহূর্তেই ভাইরাল
রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া চলছে। আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলি করাও প্রায় শেষের পথে। এখনও বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন বিএলও-রা। এই SIR-এর কারণে কেউ কেউ আবার আতঙ্কে আত্মহত্যা করছেন, কেউ কেউ আবার নিজেদের বাসস্থান ছেড়ে চলে যাচ্ছেন বাংলাদেশে। এই আবহেই হেমতাবাদ ব্লক প্রশাসন সচেতনতার জন্য এক অন্যরকম এক উদ্যোগের ব্যবস্থা নিল। গান বাঁধলেন লোকশিল্পীরা। তথ্য পৌঁছে দেওয়ার জন্য ভরসা রাখা হল লোকশিল্পীদের গাওয়া লোকসঙ্গীতের ওপরেও।

হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ছয়জন লোকশিল্পীকে ঢোল, করতাল এবং খোলা গলায় তালে তালে গান গাইতে শোনা গেল। গানের লাইনটি ছিল,
'বিএলও যাচ্ছে বাড়ি বাড়ি/ দুই খান ফরম হাতে ধরি / একখান ফরম ফিলআপ করি/ দিবেন তোমরা তাড়াতাড়ি...'।
মূলত এনুমারেশনের ফর্ম জমা দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করার জন্য এই লোকসঙ্গীতটি এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। এই প্রচারের সূচনার সময় হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত এবং জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল উপস্থিত ছিলেন। বিডিও বিশ্বজিৎ দত্ত বলেন যে, " মানুষকে তথ্য বোঝানোর জন্য লোকসংস্কৃতিই হল সবচেয়ে কার্যকর একটি মাধ্যম। তাই লোকশিল্পীদের সঙ্গে বসেই আমরা এই গান বেঁধেছি। এতে মানুষের মধ্যে যেমন আতঙ্ক কমবে, তেমন সচেতনতাও বাড়বে।"
সংগীতটির কণ্ঠশিল্পী পরেশচন্দ্র বিশ্বাস ও শেখ করিম বললেন, "এর আগেও সরকারী প্রচারে আমরা গান করেছি। এবার এসআইআর নিয়ে গান গেয়ে মানুষের মধ্যে ভয় দূর করার দায়িত্ব পেয়ে খুব ভাল লাগছে।"
ব্লক প্রশাসন মনে করছে, মাইকিংয়ের সাথে সাথে লোকসঙ্গীত মানুষের মনে খুব তাড়াতাড়িই জায়গা করে নেয়। গানটি ধীরে ধীরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে। যার ফলে প্রচারের প্রভাবও বহুগুণ হবে।












Click it and Unblock the Notifications