মেয়েকে বিক্রির চেষ্টা বাবার! নিরাপত্তার দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ কলেজ ছাত্রী
মেয়েকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল বাবা। বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ খোদ মেয়েরই। নিরাপত্তা চেয়ে বোলপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হন প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রী।
বীরভূম, ৮ নভেম্বর : তরুণী মেয়েকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল বাবা। বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ খোদ মেয়েরই। নিরাপত্তা চেয়ে বীরভূমের বোলপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হন প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রী। মহকুমা শাসকের কাছে তিনি বাবার বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
বোলপুরের নেতাজি রোডের এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের নারী নিরপত্তার করুণ চিত্রকে। ওই কলেজ ছাত্রীর অভিযোগ, তাঁকে কাজ দেওয়ার নাম করে দিনকয়েক আগে অন্ডালে এক বন্ধুর বাড়িতে নিয়ে যায় তাঁর বাবা।

তাঁকে সেখানে রেখেই বিক্রি করে দেওয়ার চেষ্টা হয়। তা আগাম বুঝতে পেরে যায় ছাত্রীটি। সেই জাল কেটে কোনওরকমে পালিয়ে আসতে সক্ষম হন তিনি। সটান যান বোলাপুর মহকুমা শাসকের কাছে। মহকুমা শাসকের কাছে তিনি অভিযোগ করেন, তাঁকে বিক্রির চেষ্টা করা হচ্ছে। তিনি সেই কারণে নিরাপত্তা দাবি করেন।
ওই কলেজ ছাত্রীর বাবা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। রহস্যজনকভাবে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়েরের পর থেকেই ওই তরুণীর কোনও খোঁজ নেই। মহকুমা শাকক এই ঘটনায় তদন্তর নির্দেশ দিয়েছেন। পুলিশ তদন্ত করে দেখছে মেয়েটির নিখোঁজ হওয়ার পিছনে কী কারণ রয়েছে। মেয়েকে বিক্রির চেষ্টার অভিযোগ কতদূর সত্য, তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications