বুদ্ধদেবের মন্ত্রিসভার সদস্য এবার যোগ দিলেন বিজেপিতে, ঘর ভাঙল সিপিএমের-ও
সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা বঙ্কিমচন্দ্র ঘোষ।
সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা বঙ্কিমচন্দ্র ঘোষ। তাঁর হাতে রবিবার দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নদিয়ার হরিণঘাটা কেন্দ্রের প্রাক্তন বিধায়কও বটে। অন্যদিকে এদিনই তাঁর পুরনো দলের তরফ থেকে বঙ্কিমচন্দ্র ঘোষকে দল থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

পথ দেখিয়েছিলেন মাফুজা খাতুন। একই সঙ্গে উল্লেখ করা যেতে পারে খগেন মুর্মুর নাম। প্রথম জন বিজেপি প্রার্থী হিসেবে এবারের লোকসভা ভোটে পরাজিত হলেও, দ্বিতীয় জন বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন আগেরবারের সাংসদকে। দুজনেরই মিল একটা জায়গায়। তাঁরা দুজনেই সিপিএম-এর সদস্য ছিলেন। দুজনেই সিপিএম-এর বিধায়ক ছিলেন।
এবার সেই দলেই নাম লেখালেন বঙ্কিমচন্দ্র ঘোষ। বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভায় বঙ্কিমচন্দ্র ঘোষ পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। ছিলেন গ্রন্থাগার মন্ত্রীও। এক সময়ে তিনি ছিলেন হরিণঘাটার বিধায়ক। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বিজেপিতে যোগ দেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, সিপিএম-এর তরফে রবিবারই বঙ্কিমচন্দ্র ঘোষকে দল থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে। জেলা সম্পাদক সুমিত দে-র তরফে জানানো হয়েছে, শত্রুপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগে পার্টি গঠণতন্ত্রের ১৯ নং ধারার ১৩ নং উপধারা অনুযায়ী, রবিবার, ৭ জুলাই ২০১৯, সকালে বঙ্কিমচন্দ্র ঘোষকে জেলা সম্পাদকমণ্ডলী বহিষ্কার করেছে।












Click it and Unblock the Notifications