বাংলার বন্যা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের
দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন দিলীপ ঘোষ। ১৩ বছর সরকারে, ক্ষমতায় থেকে কী করেছেন? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা৷
দিলীপ ঘোষ এদিন বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ম্যান মেড বন্যা। কিন্তু উনি বলতে পারেন ১৩ বছরে কী করেছেন? বৃষ্টি কমে গিয়েছে। ওনার কপাল ভালো।"

মমতা বন্দ্যোপাধ্যায় এবার দক্ষিণবঙ্গের একাধিক বন্যা বিধ্বস্ত অঞ্চল ঘুরে দেখেছেন। ঘাটাল, পাঁশকুড়া, উদয়নারায়ণপুরে গিয়েছেন। ডিভিসির জল ছাড়ার কারণে এই বন্যা হয়েছে। জোরালো দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী।
এদিন দিলীপ ঘোষ বলেন, " চাষ করার কোনও দরকার নেই। কেন্দ্র তো চাল দিচ্ছে। সবাই বেঁচে আছে। আমরা উত্তরবঙ্গ মালদায় বন্যায় ওনাকে যেতে দেখেছি। উনি গিয়ে কী করেন? গোড়ালি জলে দাঁড়িয়ে ছবি তুলে চলে আসেন। ওনার দায়িত্ব শেষ। এবার ত্রাণ কেন্দ্রীয় সরকার দেবে। অনেক এনজিও দেবে। আর উনি ত্রাণের টাকার জন্যে শুধু ডিমান্ড করে যাবেন।"
ঘাটালের বন্যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনীতি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। দিলীপ ঘোষও সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন। তিনি এদিন বলেন, " এই যে ঘাটালে বন্যা হয়, ওনার কোলের ভাই দেবকে উনি কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। তার কী হল? "
মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন দিলীপ। তিনি বলেন, " উনি ভেবেছিলেন এবার সময় পেরিয়ে গিয়েছে, বন্যা হবে না। কিন্তু ওদের দুর্ভাগ্য এবারও বন্যা হল। আর ওনার পচা ডায়লগ শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। আমরা ত্রাণ দিতে যাই। আর প্রত্যেক বছর গরিব মানুষদের পুজো মাটি হয়।"
দিলীপ ঘোষ আরও বলেন, " উনি টাকা লোটার জন্য বন্যা দেখতে যান। কারণ, ওনার ভোটিং ফান্ড দরকার। যেখানে যাবেন, সেখানে গিয়ে বড় বড় ডায়লগ দেবেন। কারণ, উনি জানেন এক দুই সপ্তাহ চলবে বন্যা। তারপর ছুটি এক বছরের।" "একটা কিছু তো এবার আপনি করুন। " মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোঁচা দিলীপ ঘোষের।












Click it and Unblock the Notifications