SSC Case Verdict: দুর্নীতির 'মাথা' ধরার দাবি সেলিম-মীনাক্ষীদের; "টাকার ভাগ উপরতলায় গিয়েছে," বিস্ফোরক সৌম্য আইচ
SSC Case Verdict: এসএসসি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলই হয়ে গেল। ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়াতেই জালিয়াতি হয়েছে বলে উল্লেখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। দুর্নীতির শিকড়ে পৌঁছে মাথাদের গ্রেফতারির দাবি তুলল সিপিএম। দুর্নীতির বিরুদ্ধে লড়াই তীব্রতর করার ডাক বামেদের।
মাদুরাইয়ে দলের পার্টি কংগ্রেসের মাঝেই ফেসবুক লাইভে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। মহম্মদ সেলিম বলেন, "২৬ হাজারের চাকরি বাতিল, অর্থাৎ প্রায় ১ লক্ষ পরিবার ভেসে গেল। সংসার সবে শুরু করেছে, তাদের কেন এরকম ধাক্কা খেতে হল?" তৃণমূল নেতারা কোম্পানি খুলে টাকা তুলেছে বলে দাবি সেলিমের। গোটা ব্যবস্থাই ত্রুটিপূর্ণ বলে মন্তব্য তাঁর।

সেলিমের আরও দাবি, "বিজেপি তৃণমূল চাইছে সরকারি শিক্ষাব্যবস্থা তুলে দিয়ে বেসরকারিকরণ করা হোক। এতদিন মমতা বলেছেন কোর্টের জন্য নিয়োগ করছি না, এখন তো কোর্টই বলছে নিয়োগ করতে। দ্রুত নিয়োগ করতে হবে। এতদিন নিয়োগের জন্য রাস্তায় রোদে জলে পড়ে রয়েছে প্রার্থীরা। পুলিশের লাঠিও খেয়েছে তারা। এখন লড়াই তীব্রতর করতে হবে।"
দুর্নীতির মাথা ধরার দাবি তুললেন সেলিম-মীনাক্ষীরা। সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, "অন্যান্য রাজ্যেও হয়েছে দুর্নীতি। এরাজ্যে ২০১১ এর আগে সংকট হয়নি। এখন সংকট কেন হল? তাই মূলে ধরতে হবে, গোড়ায় ধরলে হবে না। স্কুল বাঁচাতে হবে। শিক্ষা মূল কথা নাকি মন্দির-মসজিদ মূল কথা? হতাশ হওয়ার জায়গা নেই, শিক্ষা বাঁচাতে হবে।" মমতার সরকারকে গরিব বিরোধী সরকার বলে তোপ মীনাক্ষীর। তিনি বলেন, "গরিবদের চাকরি চলে যাবে, গরিবদের শিক্ষা চলে যাবে, পশ্চিমবঙ্গের সরকার তাহলে গরিবদের নয়?"
মাথা ধরার দাবি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়েরও। তিনি বলেন, "রায় প্রত্যাশিত ছিলই। পশ্চিমবঙ্গের চরম দুর্নীতি ও অব্যবস্থায় কষিয়ে থাপ্পড় মারল সুপ্রিম কোর্টের এই রায়। তারপরেও সম্বিত ফিরবে না। জমি বাড়ি বিক্রি করে তৃণমূল নেতাদের টাকা দিয়েছে প্রার্থীরা। সংগঠিত প্রাতিষ্ঠানিক অপরাধ, দায় নিতে হবে সরকারকেই। শিক্ষা দফতরের সবাই জেলে। টাকাপয়সার ভাগ উপর তলা পর্যন্ত গিয়েছে। মাথাকে ধরতে হবে। মুখ্যমন্ত্রী আপনাকেই এর দায় নিতে হবে।"












Click it and Unblock the Notifications