MBBS Course: জেআইএস মেডিক্যাল কলেজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, এমবিবিএস-এর ১৫০ আসনে পঠনপাঠন শুরু চলতি শিক্ষাবর্ষে
MBBS Course: রাজ্যে ডাক্তারি পড়ার সিট বাড়ল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধন ধান্য অডিটোরিয়াম থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্বোধন করলেন জেআইএস স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ (মেডিক্যাল কলেজ)-এর।
নতুন শিক্ষাবর্ষ (২০২৩-২৪) এই প্রতিষ্ঠানে এমবিবিএস কোর্স পড়ার সুযোগ পাবেন ১৫০ ছাত্র-ছাত্রী। বেসরকারি শিক্ষা জগতে জনপ্রিয় জেআইএস গ্রুপ ও রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে হাওড়ার সাঁতরাগাছিতে পথ চলা শুরু করল নতুন এই প্রতিষ্ঠান।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ৩০ একর জমিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরিতে ব্যয় হচ্ছে দেড় হাজার কোটি টাকা। উন্নততর পরিকাঠামো, প্রস্তাবিত ১২০০টি বেড ও ২০টি ব্লক সমৃদ্ধ হাসপাতালে থাকবে সুনিশ্চিত চিকিৎসাব্যবস্থা। অদূর ভবিষ্যতে ৪০ লক্ষ মানুষ এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন।
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য রাজ্য সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেছিল জেআইএস গ্রুপ। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের ছাড়পত্র মেলার পর চলতি শিক্ষাবর্ষেই এমবিবিএস পঠনপাঠন শুরু হবে এখানে। যে ২০টি ব্লক সমৃদ্ধ হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে সেখানে চিকিৎসার অত্যাধুনিক পরিকাঠামো থাকবে বলে জানিয়েছে জেআইএস কর্তৃপক্ষ।

জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, এবার আমরা ডাক্তারি পঠনপাঠনের জগতে পদার্পণ করলাম। বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে একে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মেধাবি ছাত্র-ছাত্রীরা এখানে অত্যাধুনিক পরিকাঠামোর মধ্যে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এবং আগামী দিনে চিকিৎসক হিসেবে স্বাস্থ্যক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন।
রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করে তরণজিৎ সিং আশাবাদী এখানকার ফ্যাকাল্টি মেম্বারদের প্রশিক্ষণে যেমন পড়ুয়ারা সমৃদ্ধ হবেন, তেমনই নতুন এই প্রয়াস রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা ও পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, সংস্থার এমডি সর্দার তরণজিৎ সিং, জেআইএস গ্রুপের ট্রাস্টি সর্দারনি হরমিত কৌর, ডিরেক্টর সিমরপ্রীত সিং, জেআইএস গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বিদ্যুৎ মজুমদার প্রমুখ।












Click it and Unblock the Notifications