মাকড়ায় আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, ফিরে রিপোর্ট অমিত শাহকে

আরও পড়ুন: তপ্ত পাড়ুইয়ে পুলিশকে বোমা, পরস্পরকে দুষছে তৃণমূল-বিজেপি, মৃত তিন
বুধবার মাকড়া পরিদর্শনের উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিল বামফ্রন্ট ও বিজেপির প্রতিনিধি দল। কিন্তু গ্রামের এক কিলোমিটার আগে তাদের আটকে দেয় পাড়ুই থানার পুলিশ। বামফ্রন্ট প্রতিনিধি দলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আনিসুর রহমান প্রমুখকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বিজেপি নেতাদের গ্রেফতার না করলেও তাঁদের পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ। গোটা ঘটনা বিজেপি নেতারা জানান কেন্দ্রীয় নেতৃত্বকে। তার পরই বিজেপি সভাপতি অমিত শাহ ঠিক করেন, দিল্লি থেকে প্রতিনিধি পাঠাবেন।
এ দিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল গেলে তাদেরও জোর করে আটকে দেয় পুলিশ।
বিজেপি সূত্রে খবর, আগামীকাল দুপুরের আগেই কলকাতা পৌঁছে যাবেন মুখতার আব্বাস নাকভি, কীর্তি আজাদ ও উদিত রাজ। মাকড়া গ্রামটি সংখ্যালঘু অধ্যুষিত এবং বিজেপির প্রভাব রয়েছে যথেষ্ট। তাই দলের সংখ্যালঘু মুখ মুখতার আব্বাস নাকভিকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। তুখোড় বক্তা নাকভি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েও প্রচুর খোঁজখবর রাখেন। তিনিই প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। তার পর প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন অমিত শাহ।
এদিকে, মাকড়া গ্রামের ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে পাড়ুই থানার পুলিশ। এদের মধ্যে ১২ জনই দুবরাজপুর থানার খণ্ডগ্রামের বাসিন্দা। এরা সবাই তৃণমূল কর্মী-সমর্থক বলে জানতে পেরেছে পুলিশ।












Click it and Unblock the Notifications