নোবেল জয়ীর পর এবার বিজেপির লক্ষ্য ইতিহাসবিদ, আক্রমণ দিলীপ ঘোষের
নোবেল জয়ী দুই অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিজেপির আক্রমণের লক্ষ্য ইতিহাসবিদ ইরফান হাবিব।
নোবেল জয়ী দুই অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিজেপির আক্রমণের লক্ষ্য ইতিহাসবিদ ইরফান হাবিব। এদিন এক অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওনার লেখা ইতিহাস কেউ পড়ে না। উনি দেশের টাকা বরবাত করেছেন।

দিলীপ ঘোষের আক্রমণ ইরফান হাবিবকে
প্রসঙ্গত এদিন ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে বিজেপির শিক্ষক সেলের অনুষ্ঠান ছিল। সেখানে দিলীপ ঘোষ ইরফান হাবিবকে আক্রমণ করেন। তিনি বলেন, ইরফান হাবিব যা করেছেন, একজন বড় ইতিবাসবিদ হয়ে ঠিক কাজ করেননি। তাঁর ইতিহাস কেউ পড়ে না, বলেছেন দিলীপ ঘোষ। তাঁর আরও অভিযোগ দেশের টাকা বরবাত করেছে ইরফান হাবিব। দিলীপ ঘোষ প্রশ্ন করেন, একজন ইতিহাসবিদ হয়ে যেভাবে তিনি বাধা দিচ্ছেন, তা কি শোভা পায়। তাঁর কাছ থেকে অশোভনীয় আচরণ তাঁরা আশা করেন না বলেও জানান দিলীপ ঘোষ।

রাজ্যপালকে ধাক্কা দেওয়ার অভিযোগ হাবিবের বিরুদ্ধে
কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে ইতিহাসবিদ ইরফান হাবিব ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ।
রাজ্যপাল আরিফ মহম্মদ খান নাগরিকত্ব আইনের পক্ষে বলতে শুরু করলে মঞ্চে থাকা ইরফান হাবিব তার প্রতিবাদ করেন। পরে রাজ্যপাল অভিযোগ করেন হাবিব তাঁর এডিসি এবং নিরাপত্তা আধিকারিককে ধাক্কা দিয়েছেন।

পাল্টা দাবি সেখানকার অধ্যাপকদের
অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপকরা জানিয়েছেন, রাজ্যপালের নিরাপত্তারক্ষীরাই ঠেলে সরিয়ে দিয়েছেন ইরফান হাবিবকে।

অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ
নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেছিলেন দ্বিতীয় স্ত্রী বিদেশি হলেই নোবেল পাওয়া যায়। পাশাপাশি বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, তিনি বামপন্থী। দেশের মানুষ তাঁর চিন্তুকে প্রত্যাখ্যান করেছে।












Click it and Unblock the Notifications