আসানসোলের কম্বল-কাণ্ড গড়াল হাইকোর্টে, পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী
আসানসোলের কম্বল-কাণ্ড গড়াল হাইকোর্টে, পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী
পুলিশ সঠিক আচরণ করছে না। আসানসোল কম্বল কাণ্ডে পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ জানিয়ে এবারপ হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনায় মঙ্গলবার আসানসোল উত্তর থানার পুলিশ জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে গিয়েছিল। কিন্তু তাঁর বাড়িেত তালা দেওয়া ছিল। ১ ঘণ্টা অপেক্ষা করে পুলিশ ফিরে আসে।

হাইকোর্টে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী
আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। সেই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জন মারা যান। পুলিশের অনুমতি না নিয়েই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। কিন্তু জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন পুলিশকে চিঠি দিয়ে আগেই জানানো হয়েছিল মেগা ইভেন্টের কথা। এই নিয়ে জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। সেই ঘটনায় পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি। আগামীকাল মামলার শুনানি হওয়ার কথা।

জিতেন্দ্রর বাড়িতে পুলিশ
মঙ্গলবার সকালে জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে হাজির হয়েছিল পুলিশ। কিন্তু সেসময় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে তালা দেওয়া ছিল। প্রায় ১ ঘণ্টা পুলিশ অপেক্ষা করেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রীর জন্য। গতকালই থানা থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল বিজেপি নেতাকে যে পুলিশ মঙ্গলবার তাঁর বাড়ি যাবে। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ তৃণমূল কংগ্রেস তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করে পুলিশকে দিয়ে মামলা দায়ের করিয়েছে।

পুলিশের অনুমতি না নিয়েই অনুষ্ঠান
আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। চৈতালি তিওয়ারি আসানসোলের বিজেপি কাউন্সিলর এবং আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী। প্রায় ৫০০০ জনকে কম্বল দেওয়ার আয়োজন করেছিলেন তাঁরা। সেই অনুষ্ঠানে বিপুল সংখ্য়ক মানুষের জমায়েত হয়েছিল। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান ৩ জন। তাঁদের মধ্যে এক শিশুও ছিল। ঘটনার পরেই আসানসোলের পুলিশ কমিশনার দাবি করেছেন পুলিশের অনুমতি না নিয়েই জিতেন্দ্র তিওয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যদিও পাল্টা বিজেপি নেতা দাবি করেছেন তিন দিন আগেই এই অনুষ্ঠানের কথা লিখিত ভাবে পুলিশকে জানানো হয়েছিল।

নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ
আসানসোেল জিতেন্দ্র তিওয়ারির অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে বিজেপি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করেছিল। অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করেছেন এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত। চক্রান্ত করে শাসক দল এই ঘটনা ঘটিয়েছে। এমনই অভিযোগ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications