রাজনীতি ছেড়ে দেওয়া বাবুল বিজেপির প্রচারকের তালিকায়, নয়া ‘নাটক’ ভবানীপুর উপনির্বাচনে
রাজনীতি ছেড়ে দেওয়া বাবুল বিজেপির প্রচারকের তালিকায়, নয়া ‘নাটক’ ভবানীপুর উপনির্বাচনে
গণেশ চতুর্থীতে একদিকে যখন তৃণমূল প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন, সেদিনই ভবানীপুরে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। একইসঙ্গে বিজেপি তারকা প্রচারকদের তালিকাও ঘোষণা করে দিল এদিন। কিন্তু সেখানেই বিতর্কের অবকাশ রয়ে গেল। যে বাবুল সুপ্রিয় প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন, তাঁকেই রাখা হল বিজেপির তারকা প্রচারকের তালিকায়।

বিজেপির তারকা প্রচারকের তালিকায় বাবুল
ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। চাঁর হয়ে প্রচারে নামর জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রধান চমক হলেন বাবুল সুপ্রিয়। ৪০ দিন আগে তিনি ফেসবুক পোস্ট করে রাজনীতিকে আলবিদা জানিয়েছিলেন। সেই বলেছিলেন তিনি সাংসদ থাকছেন আসানসোলবাসীর মুখ চেয়ে। কিন্তু তাঁকে আর কোনও রাজনৈতিক দলের মঞ্চে দেখা যাবে না। এদিন বিজেপির তারকা প্রচারকের তালিকা প্রকাশ হতেই দেখা গেল বাবুলের নাম জ্বলজ্বল করছে।

৪০ দিনেই কি পাল্টি খেলেন বাবুল সুপ্রিয়
তবে কি মাত্র ৪০ দিনেই পাল্টি খেলেন বাবুল সুপ্রিয়। প্রতিরোধ, প্রতিবাদ সব শেষ। তিনি আবার ফিরছেন রাজনীতিকে মঞ্চে। বিজেপির প্রচারকের তালিকায় বাবুলের উপস্থিতিই নয়া জল্পনার বার্তা দিয়েছে। তিনি আবার রাজনীতির আঙিনায় ফিরতে চাইছেন এবং ফিরছেনও। তাঁকে আবার দেখা যাবে রাজনৈতিক মঞ্চে।

কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর তিনি সাধারণ সাংসদ
বিজেপিতে যোগদানের পর দু-দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন বাবুল সুপ্রিয়। তারপর তিনি কেন্দ্রীয়মন্ত্রী ২০১৪ সাল থেকে। এবার ২০২১-এ তাঁকেই বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে শোচনীয় পরাজয়ের পর তাঁর কেন্দ্রীয় মন্ত্রিত্বও চলে যায়। তিনি হয়ে যান সাধারণ সাংসদ।

রাজনীতির মঞ্চে আর দেখা যাবে না, বলেছিলেন বাবুল
সেই থেকেই জল্পনার সূত্রপাত। বিজেপি নেতৃত্বের সমালোচনা করতেও তিনি ছাড়েননি। তারপর লম্বা ফেসবুক পোস্ট করে তিনি আলবিদা জানিয়েছিলেন রাজনীতিকে। সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু পরে মত পরিবর্তন করে তিনি সাংসদ পদে থেকে যান। বলেন, রাজনীতির মঞ্চে আর তাঁকে দেখা যাবে না।

বিজেপিতেই আছেন, রাজনীতি ছাড়ার প্রশ্নই নেই, বলেছিল তৃণমূল
কিন্তু ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হওয়ার পরই ছবিটা বদলে গেল। বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর তারকা প্রচারকের তালিকায় দেখা গেল রাজনীতি ছেড়ে দেওয়া বাবুল সুপ্রিয়র নাম। তার ফলে রাজনৈতিক মহলে তৈরি হল নয়া জল্পনা। তৃণমূল বলেছিল বাবুল সুপ্রিয় নাটক করছেন। তিনি বিজেপিতেই আছেন, রাজনীতি ছাড়ার প্রশ্নই নেই।

বাবুল ছাড়া বিজেপির তারকা প্রচারকের তালিকায় আর কারা
এদিন বাবুল সুপ্রিয়র নাম বিজেপির তারকা প্রচারকের তালিকায় থাকার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, আমি তো আগেই বলেছিলাম, ওসব নাটক করছেন বাবুল। বিজেপির প্রচারক তালিকায় এখন বাবুলের নাম কী প্রমাণ করছে। নাকি এবার বিশেষ কোনও কারণ রয়েছে। তৃণমূলকে টেক্কা দিতে বাবুল সুপ্রিয়র ইমেজকে কাজে লাগাতে চাইছে বিজেপি। যদিও বাবুল সুপ্রিয় আদৌ তাঁকে প্রচারে দেখা যাবেকি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিজেপির প্রচারকের তালিকায় নাম রয়েছে স্মৃতি ইরানি, শাহনওয়াজ হোসেন, হরদীপ সিং পুরী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ প্রমুখ।












Click it and Unblock the Notifications