Arijit Singh: জিতের আগেই কালনায় অরিজিৎ সিং? তৃণমূল বিধায়ক দিলেন চমকপ্রদ তথ্য
Arijit Singh: পূর্ব বর্ধমানের কালনায় অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান! সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে এমন পোস্ট। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ এবারও আয়োজন করছেন খাদ্য ও পিঠে-পুলি উৎসব।
জানুয়ারির ৬ তারিখ শুরু হয়ে ১২ জানুয়ারি অবধি চলবে এই উৎসব। সেখানেই ৮ জানুয়ারি অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান থাকছে বলে ভাইরাল পোস্টে জানা গিয়েছে। আর তাতেই লেগেছে রাজনীতির রং!

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অনেকেই একটি কার্ড শেয়ার করেছেন। যাতে অরিজিৎ সিংয়ের ছবি দিয়ে লেখা আমি আসছি ৮ জানুয়ারি। খাদ্য ও পিঠে-পুলি উৎসব কালনায় হয়ে আসছে যখন দেবপ্রসাদ বাগ কালনা পৌরসভার চেয়ারম্যান থাকার সময় থেকেই। বিধায়ক হয়েও তিনি অব্যাহত রেখেছেন সেই ধারা।
শীতকাল এলেই কালনাবাসী অপেক্ষায় থাকেন খাদ্য ও পিঠে-পুলি উৎসবের। তাতে বাংলা-সহ ভারতের নানা প্রান্তের বিশিষ্ট সংগীতশিল্পী অনুষ্ঠান পরিবেশন করে থাকেন। রকমারি খাবারের স্টলে জমজমাট থেকে উৎসব প্রাঙ্গণ। বিশ্বজিৎ কুণ্ডু বিধায়ক থাকাকালীন কালনা পর্যটন উৎসব আয়োজন করতেন। তা এখন বন্ধ। তবে কয়েক বছর ধরে কালনা বইমেলা হচ্ছে।
এবারও কালনায় বইমেলা হবে চলতি মাসে। জানুয়ারিতে বিধায়কের আয়োজিত পিঠে পুলি উৎসব। সেখানেই অরিজিতের আসার খবরে উচ্ছ্বসিত অনেকেই। বিধায়ক নিজেই ঘোষণা করেছেন, ১২ জানুয়ারি উৎসবের শেষ দিনে হাজির থাকবেন জিৎ। তারপর তিনি কোনও তথ্য শেয়ার না করলেও ৮ জানুয়ারি অরিজিতের আসার কার্ড ভাইরাল হয়ে যায়।
বিব্রত বিধায়ক দেবপ্রসাদ (পল্টু) বাগ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অরিজিৎকে আনার পরিকল্পনা নেই তাঁদের। তিনি লেখেন, "পিঠেপুলি নিয়ে দয়া করে কেউ বিভ্রান্ত মূলক পোস্ট করবেন না...কখন কি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা আমি পোস্ট করে জানিয়ে দেবো।" এরই সঙ্গে লেখেন, "আবার হুস ভাই মাঠে নামলেন.... এবার উৎসব নিয়ে ফেক্ প্রচারে ব্যস্ত হুস ভাই ( মোটা)...।"
অমিত শাহ সম্প্রতি কলকাতায় এসেছিলেন। সেদিন কলকাতায় পড়া পোস্টারে লেখা ছিল, সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং হয়েছিল মোটাভাই ভোট নাই। এবার কালনার বিধায়কের পোস্টে লেখা হুস ভাই, ব্র্যাকেটে মোটা! ফলে মোটা ভাই নিয়ে চর্চাও চলছে। কালনায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা সর্বজনবিদিত। সম্প্রতি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন ১৪ জন কাউন্সিলর।
রাজনৈতিক মহলের দাবি, বর্তমানে চেয়ারম্যান কোণঠাসা। ভাইস চেয়ারম্যানের সঙ্গে জনা দুই কাউন্সিলর রয়েছেন। বাকি কাউন্সিলররা একদিকে। এই পরিস্থিতিতে বিধায়ক তৃণমূলের কোনও কাউন্সিলরকেই অপপ্রচারের জন্য নিশানা করলেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। অপর অংশের মতে, বিরোধী রাজনৈতিক দলও বিধায়কের অনুষ্ঠান নিয়ে ফেক নিউজ ছড়াতে পারে। ফলে বিধায়ক তাঁদের নিশানা করতে পারেন। আপাতত বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে এ ধরনের গুজব ছড়ানোর অপচেষ্টা রুখতে আইনের পথও খোলা রয়েছে। বিধায়ক ঘনিষ্ঠরাও ভাইরাল কার্ডটিকে ফেক বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচারে নেমেছেন। তবে হুস ভাই (মোটা) নিয়ে সরগরম কালনা।












Click it and Unblock the Notifications