হামলা নয়, জোরাল হচ্ছে দুর্ঘটনার তত্ত্ব, নবান্নে জমা পড়ল পুলিশের প্রাথমিক রিপোর্ট
তৃণমূল কংগ্রেস মনে করিয়ে দিয়েছে যে নন্দীগ্রামের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অত্যাচারের ঘটনা এটা প্রথম নয়। এর আগেও তা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন জবাব হবে ২ রা মে।
তৃণমূল কংগ্রেস মনে করিয়ে দিয়েছে যে নন্দীগ্রামের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অত্যাচারের ঘটনা এটা প্রথম নয়। এর আগেও তা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন জবাব হবে ২ রা মে।
এদিকে এমন এক পরিস্থিতিতে গোটা রাজ্যে গতরাত থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়তে থাকেন তৃণমূল সমর্থকরা। যার প্রভাব 'গ্রাউন্ড জিরো' নন্দীগ্রামেও পড়েছে। সকাল থেকেই উত্তাল এলাকা। বিজেপি-তৃণমূল সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।

প্রাথমিক রিপোর্ট জমা পড়ল নবান্নে
ঘটনার পরেই বিস্তারিত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনা কি ঘটেছিল তা জানার চেষ্টা করেন। কথা বলেন লোকজনের সঙ্গে। এরপরেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়ার ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। নবান্নে এই রিপোর্ট জমা পড়েছে বলে খবর। তবে তাৎপর্যপূর্ণভাবে পুলিশের জমা দেওয়া রিপোর্ট মমতার ওপর হামলার উল্লেখ নেই। এমনটাই জানাচ্ছে টিভি-৯ বাংলা। তাঁদের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শীদের বয়ান উদ্ধৃত করা হয়েছে রিপোর্টে। তাতেই দুর্ঘটনার ইঙ্গিত রয়েছে। তবে এটি প্রাথমিক রিপোর্ট, এই বিষয়ে আরও তদন্ত রয়েছে বলে মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আর সেই নবান্নের কাছে ঘটনার তদন্তের জন্য আরও সময় চেয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেই রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে।

সকালে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা
ঘটনার তদন্তে বৃহস্পতিবার সকালে বিরুলিয়া বাজারে পৌঁছন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, জেলাশাসক বিভু গোয়েল ও ডিআইজি মেদিনীপুর রেঞ্জ কুণাল আগরওয়াল। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে থাকা সমস্ত দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সঙ্গে সংগ্রহ করেন মোবাইল ফোন ও সিসিটিভির ফুটেজ। পুলিশ আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন, হামলা নয়, দুর্ঘটনার কারনেই এই ঘটন ঘটতে পারে। তবে তদন্ত জারি রাখা হচ্ছে।

ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের
এদিকে এখনও কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের তরফে অভিযোগ, চক্রান্ত করেই আক্রমণ করা হয়েছে নেত্রীকে৷ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, 'আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে৷ কাপুরুষরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ করে স্তব্ধ করে দিতে চেয়েছিল৷ কিন্তু তাঁকে কেউ থামাতে পারেনি৷' শুধু মহাসচিবই নন, ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনাকে ষড়যন্ত্র বলেছিলেন। তিনি জানান, চার-পাঁচজন ছেলে এই কাজ করেছে। গাড়ি দরজা চেপে তাঁকে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাবে তৃণমূল৷

কী ঘটেছিল নন্দীগ্রামে?
উল্লেখ্য, বুধবার দুপুরে নন্দীগ্রাম থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেলে নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে যান৷ প্রচার চলাকালীন চোট লাগে তাঁর৷ তৃণমূল নেত্রীর অভিযোগ, চক্রান্ত করে তাঁকে জখম করা হয়েছে ৷ যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, নেত্রীকে কেউ ধাক্কা দেয়নি৷ বিরোধীরা বলছেন, নাটক করেছেন তৃণমূল নেত্রী৷ তবে ঠিক কীভাবে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না৷












Click it and Unblock the Notifications