মৃত্যু বনাম অন্তর্ধান দিবস বিতর্ক জারি! নেতাজিকে নিয়ে অধীর-কংগ্রেস মতপার্থক্য প্রকাশ্যে
অনেক বিশেষজ্ঞ দাবি করেন ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল। যদিও এই দাবির স্বপক্ষে এখনও কোনও পোক্ত প্রমাণ নেই। তবে এইদিনের পর আর খোঁজ পাওয়া যায়নি নেতাজির। সেই বিষয় নিয়েই ফের কংগ্রেস দলের অন্দরেই মতপার্থক্য সামনে চলে এল। এদিন টুইট করে অধীর চৌধুরী নেতাজির অন্তর্ধান দিবস পালনের কথা বললেও কংগ্রেসের টুইটে ফুটে ওঠে অন্য বিষয়।

সুভাষ বসুর স্মরণে টুইট করেন অধীররঞ্জন চৌধুরী
সুভাষ বসুর স্মরণে টুইট করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। এদিন তিনি লেখেন, এই কথা বলা হয় যে, আজকের দিনেই তাইহকু বিমান দুর্ঘটনার কবলে পড়েন ট্র্যাজিক হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু। যদিও তিনি সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কি না তার কোনও তথ্য প্রমাণ নেই। তাঁর জন্ম বার্ষিকী উদযাপন করা হয়, তাঁর মৃত্যুদিন কেউ জানেন না।

কংগ্রেসের অন্য সুরের টুইট
যদিও অধীরের এই টুইটের আগেই কংগ্রেসের টুইটে নেতাজির অন্তর্ধান দিবসকে 'মৃত্যু দিবস' হিসেবে উল্লেখ করা হয়। কংগ্রেসের টুইটে উল্লেখ করা হয়, 'নেতাজি একজন জাতীয় নায়ক। দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা ভারতীয়দের আদর্শ। তাঁর 'প্রয়াণ দিবসে' আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই।'

নেতাজি নিয়ে বিজেপির টুইট
একই পথে হেঁটে নেতাজির অন্তর্ধান দিবসকে মৃত্যুদিবস হিসেবে উল্লেখ করে বিজেপি-ও। কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লেখে, 'আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, অদ্বিতীয় যোদ্ধা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানি নেতাজিকে তাঁর পূণ্য তিথিতে কোটি কোটি প্রণাম।'

টুইট করে শ্রদ্ধজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রীও
এদিকে সুভাষ বসুর অন্তর্ধান দিবেস তাঁকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, '১৯৪৫ সালে আজকের দিনেই নেতাজি তাইওয়ান থেকে বিমানে চড়েছিলেন। তারপরের খবর আর জানা যায়নি। আমরা এখনও জানি না তাঁর সঙ্গে কী ঘটেছিল। তাঁর সঙ্গে কী ঘটেছিল জানার অধিকার আছে জনগণের।'












Click it and Unblock the Notifications