নন্দীগ্রাম থেকেই শুভেন্দুকে তীব্র কটাক্ষ অভিষেকের, সেবাশ্রয় নিয়ে আরও বড় পরিকল্পনা
নন্দীগ্রামে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা সেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নন্দীগ্রাম ১ নং ব্লকে সেবাশ্রয় শিবির ঘুরে দেখেন ডায়মন্ড হারবারের সাংসদ।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপি শুধু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের রিপোর্ট কার্ড কোথায়? শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তিনি উন্নয়নের রিপোর্ট কার্ড দেখাতেন।

অভিষেকের কথায়, আপনারা সবাই জিজ্ঞাসা করতে পারেন। শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিলেন এবং ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত বিধায়ক ছিলেন, তখন প্রতি বছর তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরতেন। এখন সেই উন্নয়নের রিপোর্ট কার্ড কোথায়? আপনাদের কাজের ফল কোথায়? আপনারা কী করেছেন? আপনারা বারবার ১৯৫৬ ভোটে জেতার কথা বলেন, আপনারা কি সেই ১৯টি রাস্তা দেখাতে পারবেন যেখানে আপনারা কাজ করেছেন? আপনারা কি পরিসংখ্যান দিয়ে দেখাতে পারবেন যে আপনারা ৫৬ জন সাধারণ মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন? আসলে আপনাদের একমাত্র লক্ষ্য হল বাংলাকে কীভাবে ভাগ করা যায়, তার ছক তৈরি করা ও ষড়যন্ত্র করা। নন্দীগ্রামের মানুষ আপনাদের যোগ্য ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত।
নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির খোলা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে অভিষেক বলেন, যদি বালুরঘাট থেকে আমার কাছে অনুরোধ আসে, আমি নিশ্চয়ই সেখানে যাব। বিষ্ণুপুর থেকে অনুরোধ এলেও আমি যাব। যেহেতু এখানে তৃণমূলের কোনও সাংসদ বা বিধায়ক নেই, তাই আমাদের দায়িত্ব আরও অনেক বেশি। আমি মানুষকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। যদি 'এক ডাকে অভিষেক'-এর মাধ্যমে অনুরোধ আসে এবং তৃণমূলের কোনও প্রতিনিধি জয়ী হন, তবে প্রতিটি অঞ্চলে 'সেবাশ্রয়' শিবিরের আয়োজন করা হবে। আপনারা একটি মডেল ক্যাম্প দেখছেন। নন্দীগ্রামে ১৭টি অঞ্চল রয়েছে এবং সেখানে ১৭টি ক্যাম্প হবে। কে আটকাবে? ১ নম্বর ব্লকে ১০টি এবং ২ নম্বর ব্লকে ৭টি ক্যাম্প করা হবে। এরপর ডায়মন্ড হারবার মডেলের মতোই দুটি ব্লকে দু'টি মডেল ক্যাম্প হবে। উভয় ব্লক জুড়ে ১৭টি সাধারণ ক্যাম্প পরিচালনা করা হবে। মানুষ একেই 'ডায়মন্ড হারবার মডেল' হিসেবে চেনেন।
অভিষেক বলেন, বিজেপি নেতারা এসে দেখে যান ডায়মন্ড হারবার মডেল কী। যাঁদের মানসিক সমস্যা আছে তাঁরা দিনরাত আজেবাজে কথা বলেন। এখানে মনোবিদ আছেন, স্নায়ুরোগ বিশেষজ্ঞরাও আছেন- যে কোনও সমস্যা নিয়ে যে কেউ আসতে পারেন। এখানে সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।
'সেবাশ্রয়' নিয়ে উনি মন্তব্য করেছেন, সেখানে নাকি ওষুধ পাওয়া যাচ্ছে না। আমি বলছি, সেখানে মনোরোগ বিশেষজ্ঞ আছেন, উনি এসে দেখান, আমরা বিনামূল্যে সব ব্যবস্থা করে দেব। সেবাশ্রয়ে মানুষ যাবেন কিনা, তা মানুষই ঠিক করবেন। সংবাদমাধ্যম সেখানে থাকবে, তারাই দেখবে পরিষেবা মিলছে কিনা। মানুষ চাইলে হবে, না চাইলে হবে না। শুভেন্দু অধিকারী যা সব মন্তব্য করছেন, জানি না ওঁর পরিবারের লোকেরা ওঁর সঙ্গে যোগাযোগ রাখেন কিনা-তবে দেখবেন ভবিষ্যতে বিজেপির নির্বাচিত প্রতিনিধিরাই সেবাশ্রয়ে চিকিৎসা নিতে আসবেন।
অভিষেকের কথায়, এখানে রাজনীতির কোনও প্রশ্ন নেই। রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। সেবাশ্রয়ে ঢোকার সময় কাউকে তৃণমূলের কার্ড দেখাতে হয় না। আপনি যে দলেরই সমর্থক হোন, এখানে এসে ডাক্তার দেখাতে পারেন। এখানে সব বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন। সিটি স্ক্যান থেকে রক্ত পরীক্ষা, এক্স-রে, ইউএসজি-সব ব্যবস্থা আছে। রেফারেল সেন্টার বা মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতালে যা সুবিধা পাওয়া যায়, এই মডেল ক্যাম্পে তাই মিলছে। তাই বিজেপি নেতা ও বিধায়কদের অনুরোধ করছি, কোনও সমস্যা থাকলে দয়া করে আসুন। ওষুধ খেতে হবে না, শুধু মস্তিষ্কের চিকিৎসাটুকু করান।
বিরোধী দলনেতা তহবিল ও ওষুধের হিসেব নেবেন, এই বক্তব্যের প্রসঙ্গে অভিষেকের জবাব, উনি আগে স্পষ্ট করুন, ওঁকে এই অধিকার কে দিয়েছে? একমাত্র হাইকোর্ট বা আয়কর দফতরের সেই অধিকার আছে। উনি কে? আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে উনি মামলা করুন। ওঁর ইডি-সিবিআই তো আমার পেছনে লেগেই আছে, কিন্তু আমার চুলের টিকিও ছুঁতে পারেনি। আমি গর্বের সঙ্গে প্রতি বছর ১৭টি ক্যাম্প চালিয়ে যাব।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications